• রেজিস্ট্রেশন ক্যাম্পের পাশেই টাকার বিনিময়ে ফর্ম ফিলআপ, ইটাহারে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ইটাহার: টাকার বিনিময়ে সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করে দেওয়ার অভিযোগ উঠল ইটাহারে। ভূমিহীন কৃষিজীবীরা বৃহস্পতিবার সরকারি প্রকল্পের সুবিধা নিতে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণের রেজিস্ট্রেশন ক্যাম্পে আসেন। সেই ক্যাম্পের পাশেই কিছু বহিরাগত মানুষ টাকার বিনিময়ে ফর্ম পূরণ করে দেয়। এনিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার।

    গত ১৫ ফেব্রুয়ারি থেকে ইটাহার বাস টার্মিনাসে ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে যুবসাথী ও ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তা প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। প্রতিদিন হাজার হাজার মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমাচ্ছেন শিবিরে। ভিড়ের কারণে আবেদন জমা দিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে আবেদনকারীদের। মানুষের হয়রানি কমাতে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে বিনামূল্যে চারটি সহায়তা শিবির খোলা হয়েছে। সেখানে তৃণমূল কর্মীরা বিনামূল্যে ফর্ম পূরণ করে দিচ্ছেন। কিন্তু সেই সহায়তা শিবিরের অদূরে গোটা বাস টার্মিনাস এলাকায় শতাধিক যুবক যুবতীদের শিবিরে আসা আবেদনকারীদের ফর্ম পূরণ করে দিতে দেখা যায়। ফর্ম পূরণের বিনিময়ে কারো কাছ থেকে ২০ টাকা, কারো কাছ থেকে ৫০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

    জয়হাট গ্রাম পঞ্চায়েতের ষাটোর্ধ্ব সুখীমন বেওয়া বলেন, ৫০ টাকা দিয়ে ফর্ম পূরণ করে নিয়েছি। পাজোলের নার্গিস খাতুন বলেন, পড়াশোনা জানিনা। তাই বাধ্য হয়ে ৩০ টাকা দিয়ে ফর্ম পূরণ করালাম। শিবিরে আসা বহু মানুষের অভিযোগ, টার্মিনাস এলাকায় টাকার বিনিময়ে ফর্ম ফিলআপ করে দেওয়া হচ্ছে।

    দুপুরে বিধায়ক ও বিডিও শিবির পরিদর্শনে এলে বহিরাগত যুবক যুবতীরা এলাকা থেকে সরে যান। বিধায়ক বলেন, পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। আবেদনকারীদের অনুরোধ করব, সহায়তা শিবিরে এসে ফর্ম পূরণ করতে।
  • Link to this news (বর্তমান)