• কাদা ভেঙে উঠতে হয় নৌকায়, গৌড়েশ্বরে বেহাল ফেরিঘাটে চরম ভোগান্তি যাত্রীদের
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: নিত্যদিন যাত্রীদের ভোগান্তি চলছে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি বাজারে গৌড়েশ্বর নদীর বেহাল ফেরিঘাট নিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফেরিঘাটটি বেহাল। প্রশাসনের পক্ষ থেকে মেরামতির কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ফলে এই ফেরিঘাট দিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের। নদীতে ভাটা থাকলে দীর্ঘক্ষণ যাত্রীদের ফেরিঘাটে বসে থাকতে হয়। সঠিক সময় কাজের জায়গায় পৌঁছতে পারেন না বলে অভিযোগ। তাছাড়া পারাপারের সময় অধিকাংশ মানুষকে এক হাঁটু কাঁদায় নেমে তারপর নৌকোয় উঠতে হয়। সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় অসুস্থ ও গর্ভবতী মহিলাদের।

    এই বিষয়ে এক নিত্যযাত্রী শুভঙ্কর বর্মন বলেন, প্রায়ই নদীঘাটে এসে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করি, নদীতে কখন জোয়ার লাগবে। কারণ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই ফেরিঘাটটি ভেঙে গিয়েছে। ফলে ফেরিঘাট থেকে সরাসরি নৌকায় ওঠা যায় না। এজন্য প্রতিনিয়ত বয়স্ক থেকে স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা চাই, দ্রুত এই ফেরিঘাটটি মেরামত করে দিক প্রশাসন।

    তবে এই বিষয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজি বলেন, বিষয়টি আমরা শুনেছি। এই বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনাও হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।
  • Link to this news (বর্তমান)