নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার দেগঙ্গার বসনা বেনাপুর গ্রামে নিকাশি নালার কাজ নিয়ে ধুন্ধুমার ঘটে গেল। গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এতে দু’পক্ষের সাতজন জখম হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে, দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের বসনা-বেনাপুর গ্রামে নিকাশির সমস্যা দীর্ঘদিনের। তাই গ্রামবাসীরা পাকা ড্রেনের জন্য আবেদন করেছিলেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে। এরপর ওই গ্রামে পাকা ড্রেন তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, ড্রেন তৈরি করা হোক রাস্তার মাঝখান দিয়ে। কিন্তু গ্রামের মানুষের এই দাবির বিরোধিতা করেন ঠিকাদার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। অভিযোগ, এদিন তৃণমূল কর্মীরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালান। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এনিয়ে স্থানীয় বাসিন্দা আয়েশা বিবি, মহম্মদ সামাদ আলিরা বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রামের বাসিন্দাদের মতামতকেই গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আমাদের দাবি, রাস্তার মাঝখান দিয়ে পাকা ড্রেন করা হোক। কিন্তু তৃণমূলের কয়েকজন তা চাইছেন না। আমরা প্রতিবাদ করতেই তৃণমূলের কর্মীরা লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হামলা চালান।