• কাটল জট, ক্যানিং হাসপাতালের জঞ্জাল ফেলা হচ্ছে ঝড়খালিতে
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং হাসপাতালে জমে থাকা সাধারণ বর্জ্য সাফাই নিয়ে জট কাটল। দীর্ঘ চারমাসের বেশি সময় ধরে পড়ে থাকা জঞ্জাল বাসন্তীর ঝড়খালিতে ফেলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে একটি ফাঁকা মাঠে সেগুলি ফেলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ফলে অবশেষে আবর্জনা মুক্ত হচ্ছে হাসপাতাল চত্বর। বিপুল পরিমাণ বর্জ্য নিয়ে যেতে এখন রোজ তিন থেকে চারটি করে গাড়ি লাগছে বলে জানা গিয়েছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের উদ্যোগেই এই আবর্জনা সাফাইয়ের জট কেটেছে বলে জানা গিয়েছে।

    ক্যানিং ১ ব্লকের দিঘিরপাড় পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই হাসপাতাল। কর্তৃপক্ষই এতদিন এক এজেন্সিকে ময়লা ফেলার দায়িত্ব দিয়েছিল। কিন্তু নানা অজুহাত দেখিয়ে এই কাজ বন্ধ করে দিয়েছিল ওই এজেন্সির লোকজন। তাই রোজ সাধারণ বর্জ্য জমতে জমতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। এই পঞ্চায়েতের নিজস্ব কোনো কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট নেই। তাই সমস্যা আরও বাড়ে। কিন্তু দ্রুত এই জট না কাটানো গেলে পরিস্থিতির অবনতি হতে পারে, এই আশঙ্কায় আসরে নামেন বিধায়ক। কথাবার্তা বলে আপাতত ঝড়খালির একটি ফাঁকা জায়গা চিহ্নিত করা হয়েছে। তবে এটা সাময়িক। অন্য বিকল্প স্থানের খোঁজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিধায়ক বলেন, একটা ব্যবস্থা না করা গেলে হচ্ছিল না। তাই সবার সঙ্গে কথা বলে হাসপাতালের জমে থাকা আবর্জনা ঝড়খালিতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)