সংবাদদাতা, বজবজ: কলকাতার সীমান্ত ঘেঁষা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালীতলা আশুতি থানা। ডায়মন্ডহারবার পুলিশ জেলার ভিতর এই থানা এলাকায় দুষ্কৃতীরা টার্গেট করছিল বন্ধ বাড়ি ও ফ্ল্যাটগুলিকে। ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আশুতি দুই গ্রাম পঞ্চায়েতের প্লাজা হাউজিংয়ের ভিতর একটি তালাবন্ধ ফ্ল্যাটে চুরি হয়। তার ১৩ দিনের মাথায়, বৃহস্পতিবার ওই চুরির কিনারা করল কালীতলা আশুতি থানার পুলিশ। চুরির কাজে যুক্ত সন্দেহে দু’জনকে ডায়মন্ডহারবার এলাকা থেকে ধরেছে তাঁরা। তাঁদের নাম ছোট্টু মিস্ত্রি এবং কচি মিস্ত্রি। ধৃতদের হেপাজতে নিয়ে উদ্ধার হয়েছে সোনার ও রূপোর অলঙ্কার। জানা গিয়েছে, এই দু’জন এর আগেও কলকাতা পুলিসের বেহালা, ঠাকুরপুকুর, সরশুনা এলাকায় একাধিক বাড়িতে চুরি করেছেন। সেই সূত্রে সোর্স মারফত খোঁজ করার সময় ধৃতদের সম্পর্কে পুলিশ আরও তথ্য পায়। তার ভিত্তিতেই ডায়মন্ডহারবার থেকে তাঁদের ধরা হয়। এদিকে, বন্ধ বাড়ি ও ফ্ল্যাট সম্পর্কে এলাকার বাসিন্দাদের সচেতন করতে এখন প্রচার চালাচ্ছে কালীতলা আশুতি থানার পুলিশ। লক্ষ্য, কেউ বেড়াতে গেলে কিংবা অন্য কোথাও রাত্রিবাসের জন্য গেলে থানাকে যেন অবগত করে। যাতে ফাঁকা ফ্ল্যাট ও বাড়িগুলি পুলিশের নজরদারিতে থাকে।