• দিনে ২৫ থেকে মাসে ৩৫০ টাকা ভাতা বাড়ছে অস্থায়ী কর্মীদের, সঙ্গে ইএসআই, দরাজহস্ত দক্ষিণ দমদম পুরসভা
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: চলতি বছরের বাজেটে অস্থায়ী কর্মীদের জন্য দৈনিক ২৫ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা। এছাড়াও এএনএম, নির্মল সাথী ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন ৩৫০ টাকা করে বাড়ানো হবে। এর পাশাপাশি অস্থায়ী কর্মীদের ইএসআই’য়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। এর ফলে পুরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। পুর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় সাড়ে ৩ হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী। বৃদ্ধির খবরে তাঁদের মুখে খুশির হাসি।

    গত সপ্তাহে দক্ষিণ দমদমের বাজেট পেশ হয়েছে। পুরসভার আয় ধরা হয়েছে ৩০৮ কোটি টাকার মতো। খরচ প্রায় ৩০৭ কোটি। এই বাজেটে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হিসেবে উঠে এসেছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ হাজার ৩০০ অস্থায়ী কর্মী রয়েছেন। তাঁদের দৈনিক ৪৪১ টাকা করে বেতন দেওয়া হয়। পুরসভার বিভিন্ন দপ্তরের ক্লার্ক থেকে শুরু করে গাড়িচালক ও কনজারভেন্সি দপ্তরে তাঁরা কর্মরত। তাঁদের জন্য দৈনিক ২৫ টাকা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা ভিসিটি’রা সুডা থেকে সামান্য পরিমাণ মজুরি পান। পুরসভা তাঁদের পৃথকভাবে ভাতা দেয়। সেই ভাতা মাসিক ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। একইভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি ঘুরে কাজ করা নির্মল সাথী, এফটিএস ও এএনএম কর্মীদের জন্যও মাসিক ৩৫০ টাকা ভাতা বাড়ানো হয়েছে। এই ক্ষেত্রগুলিতে সবমিলিয়ে প্রায় ২ হাজার ২০০ কর্মী কাজ করেন।

    দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি অন্য পুরসভার মতো দক্ষিণ দমদমও অস্থায়ী কর্মীদের জন্য ইএসআই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক কর্মীর জন্য ইএসআই খাতে মোট ব্যয়ের ৩.২৫ শতাংশ টাকা পুরসভাকে ও কর্মীকে .৭৫ শতাংশ টাকা কর্মীকে দিতে হবে। ইএসআই করাতে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা খরচ করতে হবে। পুরসভার চেয়ারম্যান কস্তুরি চৌধুরী বলেন, সীমিত আয়ের মধ্যে শহরবাসীর উপর কোনওরকম করের বোঝা না চাপিয়ে অস্থায়ী কর্মীদের মাইনের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিচার করা হয়েছে। দৈনিক ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ভিসিটি, নির্মলসাথী সহ বাকিদেরও মাসিক ৩৫০ টাকা বাড়ানোর পরিকল্পনা হয়েছে। সমস্ত অস্থায়ী কর্মীকে ইএসআই’য়ের সুবিধা দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)