• ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত অভিযুক্ত
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটকুশলী সংস্থার নাম করে বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। তার ভিত্তিতে একজনকে গ্রেফতার করল শেক্সপিয়ার সরণী থানা। ধৃতের নাম অমরনাথ রক্ষিত। অভিযোগ, বাঁকুড়ার ছাতনার বাসিন্দা ওই যুবক বিধানসভায় শাসক দলের টিকিট পাইয়ে দেবে বলে টাকা তুলছিলেন। তিনি নিজেকে একটি ভোটকুশলী সংস্থার কর্মী বলে দাবি করতেন। বিভিন্ন লোকজনকে বলতেন, এই ভোটকুশলী সংস্থার হাত ধরে বিধানসভা নির্বাচনের টিকিট মিলবে। যেহেতু তিনি ওই সংস্থার হয়ে কাজ করছেন, তাই তাঁর মাধ্যমে অনায়াসেই কেউ টিকিট পেতে পারেন। তাঁর কথায় আশ্বস্ত হয়ে অনেকেই বিধানসভা ভোটে প্রার্থী হতে যোগাযোগ করেন অভিযুক্তের সঙ্গে। ওই যুবক জানান, টিকিট পেতে হলে মোটা অঙ্কের অর্থ দিতে হবে। তাঁর ফাঁদে পা দিয়ে অনেকেই টাকা দিয়েও দেন। অভিযোগ, এভাবে কয়েক লক্ষ টাকা তুলেছেন অমরনাথ। হঠাৎই অভিযুক্ত যুবক বেপাত্তা হয়ে যায়। এরমধ্যে গোটা বিষয়টি শাসক দলের শীর্ষনেতৃত্বের কানেও পৌঁছয়। তাদের তরফে পুলিশকে জানানো হয়। শেক্সপিয়ার সরণী থানায় ওই যুবকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। তার ভিত্তিতেই অভিযুক্ত যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তদন্তকারীদের জানিয়েছেন, তিনি কোনো ভোটকুশলী সংস্থার কর্মী নন। মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন জনের থেকে বিধানসভায় টিকিট পাইয়ে দেবে বলে টাকা তুলছিলেন। তাঁর সঙ্গে ওই ভোটকুশলী সংস্থার কোনো যোগ পাওয়া যায়নি। ধৃত প্রতারণার টাকা যে অ্যাকাউন্টে রেখেছে, সেগুলি ফ্রিজ করা হচ্ছে। একইসঙ্গে অমরনাথ কোনো চক্রের সঙ্গে যুক্ত কি না, তাঁর সঙ্গে আরও কেউ রয়েছে কি না—তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)