নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার একটি পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রকে রাগিংয়ের অভিযোগ উঠেছে। ছাত্রের বয়ানের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছে। নির্দিষ্ট ধারায় কেস রুজু করে শুরু হয়েছে তদন্ত। ওই কলেজের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্র কয়েকদিন আগে র্যাগিংয়ের শিকার হন। অভিযোগ, তাঁকে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররা তাঁদের রুমে নিয়ে গিয়ে রাতভর ওঠবস করান। এমনকী গায়ে ছেঁকাও দেওয়া হয়। ওই ছাত্র রীতিমত ভয় পেয়ে যান। আতঙ্কে কলেজে আসা বন্ধ করে দিয়েছিলেন। এরপর ওই ছাত্র ইউজিসিকে লিখিতভাবে অভিযোগ করেন। সেখানে গোটা বিষয়টি উল্লেখ ছিল। ইউজিসির তরফে ওই কলেজকে অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ তারপরই বিষয়টি জানতে পারে। ওই ছাত্রের সঙ্গে কথা বলে তারা। কলেজের তরফে লিখিত অভিযোগ করা হয় কাশীপুর থানায়। তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রের সঙ্গে কথা বলেছে। কলেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।