• সাগরে পরপর নিম্নচাপ! বসন্তেই বৃষ্টি জেলায় জেলায়?
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরের জেলাগুলির কিছু অংশে এখনও শীতের আমেজ থাকলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই গরমের আভাস দিতে শুরু করেছে। অর্থাৎ চলতি বছরে পুরোপুরি শেষ শীতের ইনিংস।

    কিন্তু এর মধ্যেই, বসন্তেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তেমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। সূত্রের খবর, সাগরে ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়তে পারে এ রাজ্যের জেলায় জেলায়। এবং পরপর একাধিক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে।

    হাওয়া অফিস জানাচ্ছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বৃহস্পতিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা থেকেই নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে, যার হালকা প্রভাব পড়তে পারে রাজ্যে। 

    তবে রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। এর কারণ হিসেবেও, দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপকেই মনে করা হচ্ছে। সম্ভাবনা, নিম্নচাপের কারণে ওড়িশা এবং বাংলার উপকূল সংলগ্ন এলাকায়  জলয় বাষ্প ঢোকার। 

    যদিও এর প্রভাব আগামী কয়েকদিনে পড়বে না বলেই খবর। অর্থাৎ আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। চলতি সপ্তাহান্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

    তারপরের কিছুদিন আবার তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত পরিষ্কার আকাশ। কুয়াশার সম্ভাবনা নেই কোনও জেলাতেই। চড়া রোদে দিনের বেলায় অস্বস্তি অনুভূত হতে পারে।

    অন্যদিকে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে।
  • Link to this news (আজকাল)