• দিল্লির বিরুদ্ধে অ্যান্টনকে পরখ করতে চান অস্কার
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রিয় ফুটবলারদের সঙ্গেই জন্মদিন কাটানোর বায়না ধরেছিল খুদে রিদীপ। বৃহস্পতিবার ছেলেকে নিয়ে যুবভারতীতে হাজির মা-বাবা। গিল, সাউলদের সঙ্গে ফটোসেশন সেরে আহ্লাদে আটখানা বার্থডে বয়। মজা করে ইউসেফের জিজ্ঞাসা-‘শনিবার ক’টা গোল চাও?’ ভিকট্রি দেখিয়ে রিদীপ বলে ওঠে –‘দুটো।’ আধো বুলি শুনে কোচ অস্কারও হেসে উঠলেন। রাশভারী কোচের বডি ল্যাঙ্গুয়েজই গোটা দলের প্রতিবিম্ব। আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে নর্থ ইস্টকে উড়িয়ে হাওয়ায় ভাসছে ইস্ট বেঙ্গল। শনিবার যুবভারতীতে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং দিল্লি। সপ্তাহান্তে আরও একটা ঝকঝকে ম্যাচ উপহার দিতে তৈরি সাউলরা। ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহের শুরুতেই রিহ্যাব শুরু করবেন নাওরেম মহেশ সিং। একইসঙ্গে দিন দশেকের মধ্যে কলকাতায় ফেরার কথা কেভিন সিবলের। তারপর আরও একদফা পরীক্ষার পর বোঝা যাবে ঠিক কবে মাঠে ফিরতে পারবেন আর্জেন্তাইন ডিফেন্ডার। ততদিন অল ইন্ডিয়ান রক্ষণই অস্কারের ভরসা।

    ২৪ ঘণ্টা আগে কলকাতায় পা রেখেছেন ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোয়বার্গ। ড্যানিশ স্ট্রাইকার এদিন অনুশীলনে নামলেন। কথায় আছে, পহেলে দর্শনধারী ফির গুণবিচারী। তাই যদি হয় তবে সুদর্শন সোয়বার্গ রুপোলি পর্দাতেও সুযোগ পেতে পারেন। কিন্তু খেলার জন্য কতটা তৈরি তিনি? শুধুমাত্র একটি প্র্যাকটিস সেশন দেখে মন্তব্য করা অর্থহীন। তবে সোয়বার্গের বাঁ পায়ে ধার রয়েছে। অনুশীলনে ছোট মাঠে দারুণ ফিনিশ করলেন। টিম ম্যানেজমেন্ট আশাবাদী নবাগত বিদেশি দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেবেন। মূলত উইথড্রন স্ট্রাইকারের ভূমিকায় তাঁকে খেলানোর ভাবনা রয়েছে। প্রয়োজনে ইউসেফের সঙ্গে জুড়ে দিয়ে ডাবল স্ট্রাইকারের ফর্মেশনেও খেলাতে পারেন অস্কার ব্রুজোঁ। শনিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে সোয়বার্গ কি মাঠে নামবেন? সূত্রের খবর, তাঁকে স্কোয়াডে রাখা হতে পারে। ড্যানিশ ফুটবলারটিকে অন্তত কিছুক্ষণ পরখ করে নেওয়ার ভাবনা রয়েছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের।
  • Link to this news (বর্তমান)