• বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, ভাঙল জানলার কাচ, অল্পের জন্য রক্ষা পেলেন মোহন ভাগবত
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express train) পাথর ছুড়ল (Stone Pelting at Vande Bharat) দুষ্কৃতীরা। ওই ট্রেনেই ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat)। তবে তাঁর আঘাত লাগেনি। পাথরের ঘায়ে ট্রেনের জানলার কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হরদইয়ের (Uttar Pradesh's Hardoi) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন রেল কর্তৃপক্ষ। ট্রেনের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।

    লখনৌ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে (Lucknow-Delhi Vande Bharat) চেপে মীরাট যাচ্ছিলেন মোহন ভাগবত। দুপুরে হরদই জেলার কৌধা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল ট্রেন। আচমকাই কয়েক জন কিশোর ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। ঘটনায় ট্রেনের সি-৪ কোচের জানলার কাচ ভেঙে যায়। তবে ভাগবতের আঘাত লাগেনি। তিনি নিরাপদেই ছিলেন। রাত ৯টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে মীরাট স্টেশনে নামেন তিনি।

    ঘটনার তদন্ত শুরু করেছে RPF। বন্দে ভারতে হামলার কথা স্বীকার করে নিয়েছেন মীরাটের সার্কল অফিসার (সিটি) অঙ্কিত মিশ্র। তিনি বলেন, ‘রেল লাইনের ধরে কয়েকটি শিশু খেলছিল। তারাই হঠাৎ পাথর ছুড়তে শুরু করে।’ ওই শিশুদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে বলে জানিয়েছেন তিনি। অঙ্কিতের কথায়, ‘প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

    বৃহস্পতিবার রাতেই মীরাট থেকে শতাব্দী নগরের মাধব কুঞ্জে যান ভাগবত। সেখানেই রাত কাটান তিনি। দু’দিনের একটি সংলাপ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধানের। সেখানে বুদ্ধিজীবী এবং ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

    এর আগে মুম্বইয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। মহারাষ্ট্রের কুডাল এবং সিন্ধুদূর্গ স্টেশনের মাঝের লাইনে গবাদি পশুর সঙ্গে ধাক্কা লেগেছিল বন্দে ভারতের। ওভারহেড ইকুইপমেন্টের ক্ষতি হয়েছিল। প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল রেল পরিষেবা। হরদইয়ের ঘটনায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে ঠিকই, তবে ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

  • Link to this news (এই সময়)