• বহুতল থেকে পড়ে মৃত্যু মালদার পরিযায়ীর, শোকের ছায়া পরিবারে
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ভিন রাজ্যে কাজে গিয়ে ফের দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের। বেঙ্গালুরুতে সোমবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উৎপল সরকার (৩৫)। তাঁর বাড়ি মালদার হবিবপুর ব্লকের নিমবাড়ি এলাকায়। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। শোকের ছায়া নেমেছে এলাকায়।

    স্থানীয় সূত্রে খবর, বছর দেড়েক আগে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন উৎপল। সোমবার কাজ করার সময়ে একটি নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার তাঁর দেহ বাড়িতে এলে শেষকৃত্য করেন পরিবারের লোকজন।

    সূত্রের খবর, পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন উৎপল। তাঁর মৃত্যুর পরে এখন সংসার চলবে কী ভাবে সেই চিন্তা গ্রাস করেছে পরিবারকে। শুক্রবার এই খবর পেতেই মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির নির্দেশে তৃণমুল কংগ্রেসের হবিবপুর ব্লকের সহ-সভাপতি সৌগত সরকার শুক্রবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে গিয়ে তাঁদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা। এ ছাড়াও, সরকারি সবরকম সাহায্যেরও আশ্বাস দেন। পরিবারের সদস্যের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

  • Link to this news (এই সময়)