ভিক্টোরিয়া মেট্রোর কাজ কতদূর? কলকাতার একাধিক প্রকল্প খতিয়ে দেখলেন RVNL চেয়ারম্যান
আজ তক | ২০ ফেব্রুয়ারি ২০২৬
রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সেলিম আহমেদ বুধবার কলকাতা সফরে এসে সংস্থার অধীনে চলা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন। তিনি জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের ভূগর্ভস্থ অংশের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এখন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত দুটি টানেল-বোরিং মেশিন (টিবিএম) দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, টিবিএম ‘দুর্গা’ ইতিমধ্যেই প্রায় ১,১০০ মিটার সুড়ঙ্গ নির্মাণ সম্পন্ন করেছে। অন্যদিকে টিবিএম ‘দিব্যা’ প্রায় ৬৫০ মিটার কাজ শেষ করেছে।
এছাড়াও তিনি ড. বিধান চন্দ্র রায় মার্কেটের ব্যবসায়ীদের জন্য নির্মিত নতুন বাজার বিল্ডিংটি ঘুরে দেখেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ এগিয়ে নিতে পুরনো বাজার ভবন ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। তবে বহু ব্যবসায়ী আশঙ্কা করছেন, একবার সরে গেলে তাঁরা আর আগের জায়গায় ফিরতে পারবেন না। সেই কারণে অনেকে স্থানান্তরে অনীহা দেখাচ্ছেন। ফলে কয়েক মাস ধরেই এই অংশের কাজ কার্যত আটকে রয়েছে।
আরভিএনএল প্রধান নিউ গড়িয়া-বিমানবন্দর (অরেঞ্জ লাইন) করিডোরের বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশের অগ্রগতিও পর্যালোচনা করেন। চিংড়িঘাটায় মেট্রো ভায়াডাক্টে ৩৬৬ মিটার ফাঁক থাকার জেরে প্রকল্পটি এক বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে। ওই ফাঁক পূরণ করতে কংক্রিটের সেগমেন্ট তোলার জন্য প্রয়োজনীয় ট্র্যাফিক ব্লকের অনুমতির অপেক্ষায় রয়েছে সংস্থা। পুলিশের সবুজ সঙ্কেত মিললেই কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।