• ইছামতীর পলি বিক্রি নিয়ে সরব বিজেপি, পাল্টা তৃণমূলের
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, বনগাঁ: নদী সংস্কারের কাজ ইছামতীতে শুরু করেছে রাজ্য সরকার। নদীগর্ভথেকে তোলা হচ্ছে পলি মাটি। এ বার সেই পলি বিক্রির অনুমোদন নিয়ে সরব হলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির (BJP) সভাপতি বিকাশ ঘোষ। তাঁর দাবি, ইছামতী নদীর পলি অনুমোদন ছাড়াই লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। বিজেপি সভাপতির এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের (TMC)। গত শনিবার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গাইঘাটা ব্লকের বেড়িগোপালপুর থেকে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত ৪৩ কিলোমিটার পথ নদী সংস্কারের আনুষ্ঠানিক সূচনা হয়।

    এই নদী পথ সংস্কারের কাজ ৯টি ধাপে হবে বলে জানা গিয়েছে জেলা পরিষদ সূত্রে। উত্তোলিত পলি নদীর বাঁধের কাজে ব্যবহার করা হবে। বাকি অংশের পলি বরাত প্রাপ্ত এজেন্সি খোলা বাজারে বিক্রি করবে। রাজ্য সড়ক ও আইনসম্মত ইটভাটায় তারা তা বিক্রি করতে পারবে। কিন্তু ইছামতীর এই পলি বিক্রির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, 'আমরা ইছামতী সংস্কারের বিরোধী নই। কিন্তু ওই মাটি লুট হচ্ছে।' এই প্রসঙ্গে গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষ বলেন, 'সরকারি টেন্ডারের (TENDER) মাধ্যমে নিয়ম মেনেই স্থানীয় মানুষদের দিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। সরকার প্রতি সিএফটি মাটিতে রয়‍্যালটি নিচ্ছে। এখানে কোনও মাটি মাফিয়া চক্র নেই।'

  • Link to this news (এই সময়)