• বইমেলার ওই একটা দৃশ্য, ভুলতে পারি না এখনও: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক

    আমার খুব ভালো বন্ধু ছিলেন শংকর। বয়সে একটু বড়। লেখক জীবনের শুরু থেকেই ওঁকে চিনি। একজন আদ্যন্ত ভদ্রলোক, ভালো মানুষ। সবচেয়ে বড় ব্যাপার এত বড় লেখক, ওঁর ব্যবহারে কখনও বোঝা যেত না। নিজেকে লুকিয়ে রাখতে পারতেন। তাঁর ‘কত অজানারে’, ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘চৌরঙ্গী’ তো রয়েইছে পছন্দের তালিকায়। এ ছাড়া কত লেখাই তো আছে, যে গুলো মন ছুঁয়েছে বার বার।

    অসাধারণ এই মানুষটির আজ প্রয়াণ ঘটল। সারাজীবনই ভীষণ সক্রিয় ছিলেন শংকর। ইদানিং হয়তো তেমন লিখছিলেন না। তবে বইমেলায় বসে ওই একটা দৃশ্য, সত্যিই ভুলতে পারি না এখনও। দে’জ পাবলিকেশনের সামনে বই সাজিয়ে বসতেন। সেখানে পর পর সই দিয়ে যেতেন।

    এত উৎসাহ তিনি ছাড়া আর কারও মধ্যে পাওয়া সম্ভব নয়। পাঠকের প্রতি তাঁর এই দায়বদ্ধতা শেখার মতো বিষয়। একজন শুভানুধ্যায়ী ও বন্ধুকে হারালাম। সবচেয়ে বড় কথা বাংলা সাহিত্যে বিরাট এক শূন্যতা সৃষ্টি হলো। তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম।
  • Link to this news (এই সময়)