• ইউনূস জমানার ভারত বিরোধী সিদ্ধান্ত বদলে দিলেন তারেক, ঢাকা কি ফের দিল্লিমুখী?
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন তিন দিনও হয়নি। এর মধ্যেই বড় পদক্ষেপ করলেন তারেক রহমান। ভারতীয়দের জন্য ফের চালু হয়ে গেল ভিসা পরিষেবা। শুক্রবার থেকেই দিল্লিতে ভারতীয় নাগরিকদের ভিসা দিতে শুরু করেছে বাংলাদেশ হাই কমিশনার। একে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।

    ২০২৪-এর অগস্টে শেখ হাসিনার পতন হয়। দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তার পর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি হতে শুরু করে। ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পরে পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। সংখ্যালঘু হিন্দুদের উপরে চলে লাগাতার অত্যাচার। সব মিলিয়ে কূটনৈতিক টানাপড়েন চরমে ওঠে। এর মধ্যেই গত বছরের ডিসেম্বরে কনস্যুলার এবং ভিসা পরিষেবা স্থগিত করে দেয় বাংলাদেশ।

    গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জেতে বিএনপি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন তারেক। তার পর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ব্যবসা এবং কর্মসংস্থান সংক্রান্ত ভিসা পরিষেবা চালু হয়েছিল আগেই। এ বার চিকিৎসা, পর্যটন-সহ সব ধরনের ভিসা চালু করা হলো।

    তারেকের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে এই পদক্ষেপ ঘিরে দুই দেশের সম্পর্কে উন্নতির ইঙ্গিত পাচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। যদিও মোদী যেতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে ঢাকায় উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রীর তরফে তারেককে ভারতে আসার আমন্ত্রণও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে চিন সফরে গিয়েছিলেন ইউনূস। তখনই বোঝা গিয়েছিল, তাঁর রাজনৈতিক গতিপ্রকৃতি কোন পথে এগোতে চলেছে। তারেক কি প্রথম বিদেশ সফরে নয়াদিল্লি আসবেন?

    এ দিকে ঢাকার এই সিদ্ধান্তের পরে পাল্টা উদ্যোগ নিয়েছে ভারতও। সূত্রের খবর, খুব শীঘ্রই বাংলাদেশের নাগরিকদের জন্যও সব ধরনের ভিসা চালুর ঘোষণা করতে পারে নয়াদিল্লি। সিলেটের একটি অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতের কনস্যুলার আধিকারিক অনিরুদ্ধ দাস। তিনি বলেছিলেন, ‘আপাতত মেডিক্যাল এবং ডাবল এন্ট্রি ভিসাকে (কোনও দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে দু’বার প্রবেশের অনুমতি) অগ্রাধিকার দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই অন্য ভিসাগুলিও চালু হয়ে যাবে।’

    ২০২৪-এর ৫ অগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার ঠিক তিন দিন পরে ৮ অগস্ট প্রথমবার বাংলাদেশের ভিসা স্থগিত করে দেয় নয়াদিল্লি। অস্থিতিশীত পরিস্থিতির উল্লেখ করে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলিও এক এক করে বন্ধ করে দেওয়া হয়। পরে আংশিক ভাবে পরিষেবা চালু হলেও ভিসা ইস্যু করা হতো খুবই কম।

  • Link to this news (এই সময়)