• শনিবার দুপুরে আমতলায় অভিষেক, জল্পনা তাহলে সত্যি?
    আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অভিষেক ব্যানার্জির বিপক্ষে লড়েছিলেন ২০২৪-এর লোকসভা ভোটে, সেই অভিষেক ব্যানার্জির হাত ধরেই নাকি তৃণমূলের পতাকা হাতে নেবেন দলত্যাগী বাম নেতা প্রতীক উর রহমান। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে এই জল্পনা তুঙ্গে। জল্পনা, এই দলবদল করে ফুল বদলের জায়গা আমতলা।

     যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কিংবা প্রতীক উর কেউই নিশ্চিত করেননি। তবে সূত্রের খবর, আগামিকাল, অর্থাৎ শনিবার, দুপুর ১২টা নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমতলার দলীয় কার্যালয়ে বৈঠক করবেন। 

    দলীয় সূত্রে খবর, আমতলার দলীয় কার্যালয়ে অভ্যন্তরীণ বৈঠক করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে প্রতীক উর-এর বিষয়ে এখনও নিশ্চিতভাবে মুখ খুলতে নারাজ কোনও পক্ষই। সামনে আসেনি, অভিষেকের কর্মসূচির বিস্তারিত তথ্যও। 

    প্রতীক উর প্রসঙ্গে উল্লেখ্য, প্রতীক উর রহমান। সোমবার দলকে পাঠিয়েছেন পদত্যাগ পত্র। সোমবারেই তাঁর একটি চিঠি প্রকাশ্যে আসে। তারপর থেকে তোলপাড় বাম রাজনীতি। কেন এই মন কষাকষি? সেসব পেরিয়ে তিনি কি এবার তৃণমূলে? প্রশ্ন হাজার। বেলায় বেলায় আছড়ে পড়ছে জল্পনাও। ১৭ তারিখেই প্রতীক উর জানান, দলের বর্ষীয়ান নেতা বিমান বসুকে দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলেছে। যোগাযোগ করেছেন আরও বহু নেতা, বন্ধু, সহযোদ্ধা। তবে তিনি আর দলের সঙ্গে কোনও বৈঠকে বসেননি। সময় যত এগিয়েছে, সিপিএম-এর একাংশের বিরুদ্ধে ততই ক্ষোভের প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার তাঁর মুখে শোনা যায় মমতা ব্যানার্জির জমানার প্রকল্প-প্রশস্তিও। 

    প্রতীক উর পর্বে সকলেরই নজর ছিল শুক্রবার সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাংবাদিক সম্মেলনের দিকে। সেই সম্মেলনে সিপিএম-এর 'বিদ্রোহী' যুবনেতা প্রসঙ্গে সেলিমকে কখনও দেখা গেল কিছুটা 'বিরক্ত' হতে আবার কখনও দেখা গেল দলের এই যুবনেতা প্রসঙ্গে ভারাক্রান্ত হতে। তবে দিনের শেষে সারমর্ম হল প্রতীক উর রহমান প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিপিএম। প্রতীক উর প্রসঙ্গে সেলিম জানান, রাজ্য কমিটির বৈঠকে শেষদিনে প্রসঙ্গটা এসেছে। এদিন কিছুটা ভারাক্রান্ত গলাতেই তিনি বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। তাঁর কাছে সন্তানহারার মতো বেদনাদায়ক। তবে এদিন সেলিম জানান, গত দেড় দু'মাস আগে দলের কাছে অভিযোগ আসে। স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত হয় বিষয়টি দেখতে হবে। এরপর থেকেই যোগাযোগের বিষয়টি ধাক্কা খায়। সেইসঙ্গে তাঁর কথায়, দল জানতে পারে আরও কিছু যোগাযোগ তৈরি হয়েছে। 

    এসব জল্পনার মাঝেই, তথ্য, অয়ামতলায় অভিষেকের বৈঠকের। নজর এখন সব পক্ষের সেদিকেই।

     
  • Link to this news (আজকাল)