জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR করলেন TMC MLA শওকত মোল্লা, কী অভিযোগ?
আজ তক | ২১ ফেব্রুয়ারি ২০২৬
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে নতুন বিতর্ক। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ল। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
শুক্রবার ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে সাতজন অভিযোগকারী জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, চলতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার সময় অযথা নথি যাচাই, নাম কাটার হুমকি এবং অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে হয়েছে। পুলিশ জানিয়েছে, মোট সাতটি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলি খতিয়ে দেখা হবে।
সওকত মোল্লার অভিযোগ, তাঁর বিধানসভা এলাকায় গত তিন দিনে প্রায় ৩৩ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তাঁর দাবি, প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। বহু মানুষের বৈধ নথি থাকা সত্ত্বেও এবং শুনানিতে হাজিরা দেওয়ার পরেও তাঁদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাঁর দাবি, বাদ পড়া নামের প্রায় ৯০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের।
মোল্লা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তাঁর দাবি, সংখ্যালঘু ভোটার সংখ্যা কমানোর একটি পরিকল্পিত চক্রান্ত চলছে।
অন্যদিকে বিজেপির এক স্থানীয় নেতা পাল্টা প্রশ্ন তোলেন, সরকারি ভাবে তালিকা প্রকাশ না হলে এত বড় সংখ্যায় নাম বাদ পড়ার তথ্য তিনি কীভাবে জানলেন? একই সঙ্গে তিনি বলেন, দেশের নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে এফআইআর করা যায় না, এই বিষয়টি বিধায়কের জানা উচিত।
পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলি আইনি দিক থেকে পরীক্ষা করে দেখা হবে।