• প্রার্থী তালিকা নিয়ে কালীঘাটে মমতা-অভিষেক বৈঠক, চমক দুই তারকা প্রার্থী
    দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • দলীয় সূত্রে জানা গিয়েছে, এবারের প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখকে গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব বাড়ানোর দিকে জোর দিচ্ছে দল। সূত্রের দাবি, প্রায় চল্লিশ জন নতুন এবং তরুণ মুখ এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেন। এর মধ্যে থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বও।

    দলের অন্দরমহলে জোর জল্পনা, বাংলার এক জনপ্রিয় গায়িকাও এবারের নির্বাচনে প্রথম তৃণমূলের টিকিটে লড়তে পারেন। পাশাপাশি সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীকেও প্রার্থী করা হতে পারে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে জনসংযোগ বাড়ানো এবং নতুন ভোটারদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে দল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে তৃণমূল পুরনো এবং অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখকে সামনে এনে সংগঠনের ভিত আরও মজবুত করতে চাইছে। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের পাশাপাশি জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিত্বদের প্রার্থী করে ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দল।

    এদিকে, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের বহু নেতা দল ছাড়তে আগ্রহী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অন্তত পঞ্চাশ জন তৃণমূল নেতা তাঁদের দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও তিনি জানিয়েছেন, সবাইকে দলে নেওয়া হবে না। বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। প্রার্থী তালিকা প্রকাশের পর এই উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন এবং চমকপ্রদ মুখের উপস্থিতি নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)