• সাহিত্যজগতে ইন্দ্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক শংকর
    দৈনিক স্টেটসম্যান | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • বাংলা সাহিত্যজগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক শংকর মুখোপাধ্যায়, যিনি পাঠকমহলে যিনি পাঠকমহলে ‘শংকর’ নামেই অধিক পরিচিত। শুক্রবার বেলা প্রায় ১টা ১২ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক।

    চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। গত প্রায় ১৫ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শেষ কয়েকদিন তাঁর খাওয়াদাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শুক্রবার দুপুরে তাঁর জীবনাবসান ঘটে।

    ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে তিনি লিখিতভাবে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী, কোথাও সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ শায়িত রাখা হবে না। সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

    সাহিত্যিকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি শোকবার্তায় বলেন, ‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক শংকর-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্যজগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। তাঁর কালজয়ী সাহিত্য প্রজন্মের পর প্রজন্ম পাঠককে অনুপ্রাণিত করেছে। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি।’

    ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোর জেলার বনগ্রামে জন্মগ্রহণ করেন শংকর। তাঁর বাবা হরিপদ মুখোপাধ্যায় ছিলেন পেশায় আইনজীবী। ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে শিক্ষকতা এবং আদালতপাড়ায় কাজ করলেও লেখালেখিই ছিল তাঁর আসল পরিচয়।

    ১৯৫৫ সালে ‘কত অজানারে’ উপন্যাস দিয়ে তাঁর সাহিত্যজীবনের সূচনা। ‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’, ‘জনঅরণ্য’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘সার্থক জনম’ সহ একাধিক কালজয়ী সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছে। তাঁর লেখা ‘সীমাবদ্ধ’ এবং ‘জনঅরণ্য’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

    কিশোর সাহিত্যেও তাঁর অবদান উল্লেখযোগ্য। ‘পিকলুর কলকাতাভ্রমণ’ সহ একাধিক জনপ্রিয় কিশোর সাহিত্য তিনি রচনা করেন।

    ২০১৪ সালে ‘একা একা একাশি’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন। তাঁর সাহিত্যকর্মে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, সমাজের বাস্তব চিত্র এবং মানবিক অনুভূতির গভীর প্রতিফলন ঘটেছে।

    শংকরের প্রয়াণে সাহিত্যজগতে যেন এক যুগের অবসান ঘটল। তাঁর সৃষ্টি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে থাকবে চিরকাল। প্রজন্মের পর প্রজন্ম তাঁর সাহিত্য থেকে অনুপ্রেরণা পাবে— এই বিশ্বাসেই শোকাহত পাঠকমহল তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)