নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছে। তারা অপহরণও করেছে বহু মহিলা ও শিশুকে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জ়ামফারা প্রদেশের টুনগান দুতসে গ্রামে বৃহস্পতিবার থেকে দেড় দিন ধরে হামলা হয়। বুক্কুইউম দক্ষিণ অঞ্চলের সাংসদ হামিসু এ ফারু জানিয়েছেন, হামলাকারীরা নিরীহ গ্রামবাসীদের হত্যা ও অপহরণের পাশাপাশি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সশস্ত্র জঙ্গিরা শ'দেড়েক মোটরসাইকেল চেপে হামলা করতে আসছে দেখে কয়েকজন গ্রামবাসী নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিলেন। অভিযোগ, তা সত্ত্বেও গ্রামবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
লেবাননের পূর্বদিকে বেকা উপত্যকায় হামলা চালাল ইজ়রায়েল। শুক্রবারের এই হামলায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ২৪ জন। রয়টার্স সূত্রে খবর, এই হামলায় হেজ়বোল্লাহর শীর্ষস্থানীয় নেতা হুসেন ইয়াঘির মৃত্যু হয়েছে।
বছর খানেকের এক শিশুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার মাসির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির মুখার্জিনগর এলাকায়। জানা গিয়েছে, ওই শিশুটির বাড়ি ওল্ড সিলামপুর এলাকায়। মায়ের সঙ্গে মামারবাড়িতে ঘুরতে গিয়েছিল সে। শুক্রবার দুপুরে বাড়ির কাছেই একটি পার্কে খেলা করছিল শিশুটি। সেই সময়ে তার মাসি তাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। শিশুটির মামার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন খুন করা হলো শিশুটিকে তা খতিয়ে দেখা হচ্ছে।
আগামী সপ্তাহের শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই বাড়তে চলেছে তাপমাত্রাও। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। উইকেন্ডে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গেও।