• এ বার শুধুই ডিজ়িটাল পেমেন্ট, শীঘ্রই সমস্ত টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধ করতে চলেছে কেন্দ্র
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • ডিজ়িটাল পেমেন্ট ব্যবহারে আগেই রেকর্ড গড়েছে ভারত। এ বার ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে সারা দেশের টোল প্লাজায় লাগু হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল টোলিং ইকোসিস্টেম। অর্থাৎ নগদ লেনদেনের বদলে এ বার টোলপ্লাজায় শুধু ডিজ়িটাল পেমেন্ট সিস্টেম রাখার কথা ভাবছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)।

    জানা গিয়েছে, এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে টোল প্লাজায় সমস্ত পেমেন্ট একচেটিয়াভাবে ডিজিটাল পদ্ধতি, যেমন FASTag অথবা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface) অর্থাৎ UPI-এর মাধ্যমে গ্রহণ করা হবে। NHAI জানিয়েছে, ডিজ়িটাল পদ্ধতিতে টোল ফি নেওয়া হলে হাইওয়ে যাতায়াত আরও মসৃণ হবে। টোল ফি প্লাজায় যানজট কমবে এবং টোল লেনদেনে আরও ধারাবাহিকতা এবং স্বচ্ছতা আসবে।

    সূত্রের খবর, ইতিমধ্যেই, টোল ফি-র ৯৮% FASTag-এর মাধ্যমে সংগ্রহ করা হয়, এবং বাকি টাকা UPI-ভিত্তিক ডিজ়িটাল পেমেন্ট এবং নগদ অর্থের মাধ্যমে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে UPI পেমেন্টের ক্ষেত্রে স্বাভাবিক চার্জের ১.২৫ গুণ চার্জ প্রযোজ্য হলেও, নগদ লেনদেনের ক্ষেত্রে স্বাভাবিক চার্জের দ্বিগুণ খরচ হয়।

    NHAI এর আগে বলেছিল যে, FASTag-এর মাধ্যমে টোল ফি গ্রহণ শুরু হতে ২০২২-২৩ অর্থবর্ষে টোল প্লাজায় গড় অপেক্ষার সময় ৭৩৪ সেকেন্ড থেকে কমে ৪৭ সেকেন্ডে দাঁড়িয়েছে। হাইওয়ে ভ্রমণকে আরও উন্নত করার জন্য ২০২৬ সালের এপ্রিল থেকেই টোল প্লাজায় পুরোপুরি ডিজিটাল টোলিং ইকোসিস্টেম চালুর কথা ভাবছে কেন্দ্র।

  • Link to this news (এই সময়)