সপ্তাহের শুরুতে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা, দ্রুত গরম পড়ে যাবে, কবে থেকে?
আজ তক | ২১ ফেব্রুয়ারি ২০২৬
ক্যালেন্ডারে বসন্ত পড়লেও আবহাওয়ায় ইতিমধ্যেই গরমের আভাস স্পষ্ট। ফেব্রুয়ারির শেষেই রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ফলে শীতের বিদায় কার্যত নিশ্চিত বলেই মনে করছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ তৈরি হলেও সেটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। আপাতত তার রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম।
সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট সাতটি জেলায় বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা এই তালিকায় রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে, তবে অধিকাংশ এলাকাতেই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে থাকবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে সোমবার হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের ওই জেলাগুলির কিছু এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে রবিবার পর্যন্ত কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার ও বৃহস্পতিবারও রাজ্যজুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে।
দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। উত্তরবঙ্গেও আপাতত পারদের খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ সেখানে রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে আবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।