অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিতে আমতলায় প্রতীক উর
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সিপিএম নেতা প্রতীক উর রহমান শনিবার আমতলায় পৌঁছে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রস্তুতি নিলেন। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত থেকেই তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করবেন।
শনিবার আমতলা দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। সংগঠনকে আরও মজবুত করা, বুথভিত্তিক কর্মসূচি এবং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়েই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে খবর।
বৈঠক শেষ হতেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে ওঠে প্রতীক উর রহমানের যোগদান প্রসঙ্গে। অবশেষে সমস্ত জল্পনার ইতি টেনে প্রতীক উর আমতলা দলীয় কার্যালয়ে পৌঁছন। যদিও বৈঠকের সময় তিনি উপস্থিত ছিলেন না, তবে সূত্রের দাবি, শনিবারই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।
প্রতীক উর রহমানের এই পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলিতে বাম শিবিরে এর প্রভাব পড়বে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
তৃণমূল নেতৃত্বের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী-নেতাদের যোগদান প্রমাণ করছে যে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি এবং তৃণমূল সংগঠনের শক্তিতে ভরসা রাখছেন বিরোধী শিবিরের নেতারাও। এখন দেখার, প্রতীক উর রহমানের যোগদানের পর স্থানীয় রাজনীতিতে কী নতুন সমীকরণ তৈরি হয়।