আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ বার্তা মমতার
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলার ভাষার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
নিজের এক্স হ্য্যান্ডলে মমতা লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা–শহিদদের ও ভাষা–সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।’ মমতা আরও লেখেন, ‘রবীন্দ্রনাথ–নজরুল–সুকান্ত–জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি আকাদেমি, রাজবংশী ভাষা আকাদেমি, কামতাপুরী ভাষা আকাদেমি, সাঁওতালি আকাদেমি–সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষা–ভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।
তিনি আরও লেখেন, ‘একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি–যে–কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে–আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমান ভাবে সম্মাননীয়।’