আজকাল ওয়েবডেস্ক: শনিবার শিয়ালদহে বাতিল করা হয়েছে অনেক ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদহ-ক্যানিং শাখায় পার্ক সার্কাসে পুরনো ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেরে রবিবার ৬টা ৪০ মিনিট পর্যন্ত মোট সাত ঘণ্টা ওই শাখায় বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। অন্যদিকে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনেও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দুই গুরুত্বপূর্ণ শাখায় এই বিপুল সংখ্যক ট্রেন বাতিলের ফলে যাত্রিদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
পূর্ব রেল জানিয়েছে, শনিবার শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে ৩৪৭৫৭ আপ এবং ৩৪৭৫৪ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৫৪৪৭ আপ এবং ৩৪৫৫২ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল, ৩৪৮৫৫ আপ এবং ৩৪৮৫৮ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল ও ৩৪১৬৩ আপ এবং ৩৪১৬৪ ডাউন শিয়ালদা-কোমাগাটা মারু বজবজ লোকাল। রবিবার বাতিল করা হয়েছে আরও ১৫টি ট্রেন।
অন্যদিকে, হাওড়া শাখায় তারকেশ্বর লাইনে শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক করা হবে। দিয়াড়া স্টেশনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের কারণে, ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত কাজ চলবে। এই কাজের জন্য ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেল জানিয়েছে, রবিবার ভোর ৪টা ০৫ মিনিটের আপ হাওড়া–তারকেশ্বর লোকাল। ভোর ৫টা ৩০ মিনিটের আপ হাওড়া–তারকেশ্বর লোকাল, ভোর ৫টা ৪৮ মিনিটের আপ হাওড়া–তারকেশ্বর লোকাল, ভোর ৬টা ৩২ মিনিটের আপ হাওড়া–তারকেশ্বর লোকাল এবং ভোর ৬টা ৪৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল–সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।