বঙ্গভূষণ পেয়ে 'অত্যন্ত খুশি' পরমব্রত, বললেন, 'আজকের দিনে এই পুরস্কার পাওয়াটা যেন...'
আজকাল | ২১ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা দিবসের দিন ঘোষণা করা হল ২০২৬ সালের বঙ্গ সম্মান প্রাপকদের নাম। আর সেখানেই জ্বলজ্বল করছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। তিনি একাধারে অভিনেতা, গায়ক, পরিচালক। বাংলা সিনেমায় তাঁর অবদানের জন্য বঙ্গভূষণ পেলেন। রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে কী প্রতিক্রিয়া অভিনেতার খোঁজ নিল আজকাল ডট ইন।
'বঙ্গভূষণ' পরমব্রত চট্টোপাধ্যায় এই সম্মান পেয়েই বলেন, "আমি খুবই খুশি। নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এটা আদের রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। সেটার যোগ্য যে আমাকে মনে করা হয়েছে তার জন্য আমি অত্যন্ত খুশি। মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার পেয়ে আরও ভাল লাগছে।"
আজকের দিনে এই পুরস্কার পাওয়া তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও জানালেন পরমব্রত। অভিনেতার কথায়, "সবথেকে বড় কথা আজকে ২১ ফেব্রুয়ারি। আজকের দিনে এটা পেয়ে ভীষণ ভাল লাগছে। অন্য কোনও দিন পেলেও নিশ্চয় ভাল লাগত। মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে এত বড় পুরস্কার পেলে সবসময়ই ভাল লাগে। কিন্তু আজকের পাওয়াটা যেন ব্যাপারটাকে আরও বিশেষ করে তুলেছে। কারণ, আজকের দিনটা যত যাই হোক, আমাদের বাঙালিদের আত্মপরিচয় নতুন করে মনে করার দিন। আমি একজন বিশ্ব নাগরিক বলে নিজেকে মনে করি। কিন্তু সেই বিশ্ব নাগরিক পরিচয় যেমন আমার খুব কাছের, তেমনই আমার প্রাথমিক পরিচয় আমি একজন বাঙালি। সেই দিনে এই পুরস্কারটি পেয়ে ভীষণ ভাল লাগছে।"
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই বছর পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও বঙ্গভূষণ সম্মান পেয়েছেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। কার্তিক দাস বাউল, অদিতি মুন্সীও একই সম্মান পাচ্ছেন। বঙ্গভূষণের তালিকায় নাম রয়েছে কলেন্দ্র নাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউরি, মৃণাল কান্তি বিশ্বাস, চন্দন লোমজেল, নাজমুল হক, সমরেশ চৌধুরী, বিবেক কুমার।
গায়ক নচিকেতা চক্রবর্তী বঙ্গবিভূষণ পেয়েছেন। গানের জগতে অবদানের জন্য এই বছর একই সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ তথা গায়ক বাবুল সুপ্রিয়ও এই বছর এই সম্মান পাচ্ছেন। বঙ্গবিভূষণ পাচ্ছেন অনন্ত মহারাজ, শিবাজী চট্টোপাধ্যায়, গণেশ চন্দ্র হালুই-ও। এই তালিকায় নাম রয়েছে কবি, গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েরও।