• সাঁইথিয়ায় অনুব্রত-ঘনিষ্ঠের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ভোট (West Bengal Assembly Election 2026) আসছে। চড়ছে রাজনীতির পারদ। ফের উত্তপ্ত বীরভূমের (Birbhum) সাঁইথিয়া। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ সেখানে। অভিযোগ, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনুগামীদের বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে অশান্তির সূত্রপাত, যা গড়ায় শুক্রবারও। শনিবারও থমথমে সাঁইথিয়ার ফুলুর পঞ্চায়েতের হরপলশা গ্রাম।

    অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সেই সময়ে ইটবৃষ্টিতে কমপক্ষে ৬ জন আহত হন। ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে হরপলশা।

    অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠ সাবের আলি খানের অনুগামীদের বাড়ি লক্ষ্য করে একের পরে এক বোমা ছোড়ে কাজল শেখের অনুগামীরা। পর পর বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বহু পরিবার নিরাপত্তার খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ ।

    যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল। জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘একটা দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্কই নেই।’

  • Link to this news (এই সময়)