• নির্মীয়মান কারখানায় কাজে বাধা দুষ্কৃতিদের, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
    আজ তক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • নির্মীয়মাণ কারখানার কাজ চলাকালীন কর্তব্যরত ঠিকাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কারখানার মালিক। পৌঁছন ঠিকাদার সংস্থার কর্ণধারও। অভিযোগ, ওই সময় নাকি নির্মীয়মাণ কারখানার ভিতরেই লুকিয়ে ছিল দুষ্কৃতীরা। অভিযোগ, আচমকাই তারা কারখানার মালিক ও ঠিকাদার সংস্থার কর্ণধারের উপর হামলা চালায়। ঘটনায় তোলাবাজির অভিযোগ উঠেছে প্রসেনজিৎ সাহা নামে তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতির বিরুদ্ধে। 

    অভিযোগ, তাঁর নেতৃত্বেই নাকি এদিনের এই ঘটনা। তোলা চেয়ে না পাওয়ায় নাকি এই হামলা। শুধু তাই নয় স্থানীয় জমি ব্যবসায়ী আজিজুলের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। এলাকায় কাজ কে করবে, সেই নিয়েই দখলদারির অভিযোগও উঠেছে। এই আজিজুল কে নাকি মদত দিচ্ছে তৃণমূল ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা। চাঞ্চল্যকর এই ঘটনা খড়দহ পুরসভার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাদীঘিলা এলাকায় রুইয়া শিল্পতালুকের। ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূলেরই আরেক শ্রমিক সংগঠনের অংশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এই পুরো ঘটনায় আক্রান্ত দুজন এবং আপাতত বন্ধ কাজ। অর্থাৎ শিল্পতালুকে শিল্প করার ক্ষেত্রেও গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর অভিযোগ। প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে এই অভিযোগের কথা স্বীকার করেছেন পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস। 

    এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা জয় বিশ্বাস বলেন, খড়দহের তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। কল্যাণী হাইওয়ে ঘিরে ব্যবসায়ীরা আতঙ্কিত। এলাকায় যে জলাজমি ভরাট হচ্ছে সেই টাকা প্রসেনজিৎ কেন পায়নি তা নিয়েই গণ্ডগোল। ব্যবসায়ীরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আর ব্যবসা করতে চায় না এখন। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূলের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা নিজের বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার পাল্টা অভিযোগ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ চারটে পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই তৃণমূলের অপর গোষ্ঠী এই ধরনের চক্রান্ত করে তাঁকে ফাঁসাচ্ছে।

    রিপোর্টারঃ দীপক দেবনাথ
  • Link to this news (আজ তক)