• রবি থেকেই হাওয়া বদল, ১১ জেলায় বৃষ্টি, আবহাওয়ার সাপ্তাহিক পূর্বাভাস
    আজ তক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • বাড়তে শুরু করেছে তাপমাত্রা। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। নতুন  সপ্তাহে আরও গরম বাড়তে পারে। সেই সঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
     আজ থেকেই মেঘলা আকাশ রাজ্যের একাধিক জেলায়। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের মাথা চাড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রবিবার সন্ধ্যার মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে। তবে এর প্রভাব রাজ্যে বড় ধরনের আবহাওয়া পরিবর্তন ঘটাবে এমন সম্ভাবনা আপাতত নেই। আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের পরিস্থিতি
    হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। তবে এই জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা রয়েছে কেবল চার জেলার জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়তে পারে। তার পরের ছ’দিনে তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বিশেষত আলু চাষিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বজ্রপাত ও বৃষ্টির প্রভাবে  ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    বৃষ্টি হবে উত্তরবঙ্গেও
    বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের তাপমাত্রায় আগামী সাত দিনে বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছ । 

    কলকাতা নিয়ে পূর্বাভাস
    কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ রবিবার এবং আগামিকাল সোমবার মূলত মেঘলা আকাশ থাকবে ৷ অনেকদিন পরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। রবি এবং সোমবার মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে । কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রির মধ্যে যেতে পারে । মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায়।
  • Link to this news (আজ তক)