• কাওয়াখালির অনিচ্ছুক জমিদাতাদের আন্দোলন মঞ্চে মেয়র, দিলেন আশ্বাস
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: কাওয়াখালির অনিচ্ছুক জমিদাতা কৃষকদের আন্দোলন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার সকালে ওই আন্দোলন মঞ্চে মেয়র হাজির হতেই শোরগোল পড়ে যায়। অনিচ্ছুক জমিদাতা কৃষকরা মেয়রের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী। আন্দোলনকারীদের পক্ষে মিঠুন সরকার বলেন, মেয়রের সঙ্গে কথা বলার পর আমরা আমাদের দাবি পূরণের ব্যাপারে আশাবাদী। তবে নির্বাচন ঘোষণার আগেই দাবি পূরণ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

    মেয়রও সমস্যা সমাধানে আশাবাদী। তিনি বলেন, ২০০৪ সালে বামফ্রন্টের আমলে এসজেডিএ এখানকার জমি অধিগ্রহণ করেছিল। সে সময় জমিদাতাদের যে নথি দেওয়া হয়েছে তাতে অনেক ত্রুটি, অসঙ্গতি রয়েছে। তবু বলব অতীত না ঘেঁটে প্রকৃত জমিদাতাদের মধ্যে যারা অনিচ্ছুক কৃষক রয়েছেন তাঁদের দাবি পূরণের ব্যাপারে ইতিমধ্যেই এসজেডিএ’র চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। তারা তাঁদের সমস্যার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। এনিয়ে ফের এসজেডিএ’র সঙ্গে কথা বলার পাশাপাশি আমি রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে আলোচনা করব।

    মিঠুনবাবু আরও বলেন, আমরা প্রকৃত জমিদাতা, তার যাবতীয় প্রমাণ রয়েছে। কিন্তু এর আগে জমিদাতা হিসেবে যাঁরা পুনর্বাসন ও সুযোগ সুবিধা পেয়েছেন তাঁদের যাবতীয় নথি খতিয়ে দেখা হোক। তাহলে দেখা যাবে অনেকেই ভুয়ো নথি দিয়ে এখানে ক্ষতিপূরণ ও পুনর্বাসন পেয়েছেন। আর আমাদের মতো প্রকৃত জমিদারতারা ক্ষতিপূরণ বা পুনর্বাসন কিছুই পাননি। আমরা চাই এর দ্রুত নিষ্পত্তি হোক।
  • Link to this news (বর্তমান)