• গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে হিন্দুত্ব অস্ত্রে শান বিজেপির
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুর শহরে গৃহসম্পর্ক অভিযানে নেমে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের দাবি, উন্নয়নের কথা দূরঅস্ত, হিন্দু অস্ত্রেই শান দিয়ে বাজিমাত করতে চাইছে বিজেপি।
    শহরের ১৮টি ওয়ার্ডকে লক্ষ্য করে কর্মী, সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সহ বিজেপি নেতৃত্ব। দাবি, সংগঠন মজবুত করা এবং ‘ঘুমিয়ে’ থাকা বাঙালিকে জাগ্রত করাই তাঁদের উদ্দেশ্য।

    বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের বাস্তব সমস্যা, কৃষিনির্ভর জেলার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা স্থানীয় উন্নয়ন-এসব ইস্যু প্রচারের কেন্দ্রে নেই। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া স্টিকার লাগানো, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার স্লোগান এবং হিন্দুত্ব সামনে রেখেই প্রচার এগচ্ছে। মহিলাদের পরনে শাঁখা-সিঁদুর, পুরুষদের গলায় কাঠের মালা, জয় শ্রী রাম বা রাধে রাধে ধ্বনিকে কেন্দ্র করে ধর্মীয় পরিচয়কেই প্রধান বার্তা করা হচ্ছে বলে অভিযোগ। যদিও শহরবাসী পরপর নির্বাচনে বিজেপির প্রতি আস্থা রাখলেও বুঝেছেন, গঙ্গারামপুরের ভাগ্যে জোটেনি কেন্দ্রীয় উন্নয়নের ছিটেফোঁটা।

    রাজনৈতিক মহলের মতে, সাংগঠনিক দুর্বলতা ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঢাকতেই হিন্দুত্বের তাস খেলছে গেরুয়া শিবির। গঙ্গারামপুর শহরের একটা বড় অংশ ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন। সেই পুরনো ঘা খুঁচিয়ে মলম হিসেবে নিজেদের তুলে আনছে বিজেপি। আসল লক্ষ্য হল ভোটের আগে হিন্দু ভোটকে নিজেদের দিকে টানা।

    পাল্টা শহরে তৃণমূল শিবির সরাসরি সাধারণ মানুষের বাড়ি গিয়ে ক্ষোভ, বিক্ষোভের কথা শুনে বিজেপির বিরুদ্ধে সব অস্ত্র নিয়ে ভোট ময়দানে নামার চেষ্টা করছে। ২০১৯ সালের লোকসভা, ২০২১ এর বিধানসভা এবং ২০২৪ লোকসভা নির্বাচনে শহরে হিন্দুত্বের জোরেই বিজেপি সাফল্য ধরে রেখেছিল বলে বিশ্লেষকদের একাংশের মত। সেই কৌশলই ফের সামনে এনে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। একাংশের মতে, কেন্দ্রীয় সাহায্যে উন্নয়নের প্রত্যাশা পূরণ না হওয়ায় এবার সমীকরণ বদলাতে পারে।
    দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি অশোক বর্ধন বলেন, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। বিজেপি ক্ষমতায় এলে সনাতনিরা নিরাপদ থাকবেন এবং কেন্দ্রীয় উন্নয়নের সুফল গঙ্গারামপুরও পাবে।

    পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল শিবিরও। গঙ্গারামপুর শহর তৃণমূলের কনভেনর গৌতম দাসের অভিযোগ, ২০১৪ সালের পর থেকে ধর্মীয় মেরুকরণ করে বিজেপি রাজনীতি করছে। উন্নয়নের নামে বাস্তব কোনও পরিকল্পনা নেই তাদের। শহরবাসী সাম্প্রদায়িক সম্প্রীতি চান। তাই তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ তুলে ধরছেন।
  • Link to this news (বর্তমান)