নামেই ‘ইনচার্জ’, শিলিগুড়িতে দেখা নেই নিশীথের, ক্ষোভ পদ্মে
বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে শিলিগুড়ি সাংগঠনিক জেলার ইনচার্জ নিয়োগ করেছে বিজেপি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই অর্থে তাঁকে খুব একটা দেখা যাচ্ছে না শিলিগুড়িতে। দলের একাংশেরই অভিযোগ, তাঁর কোনো কর্মসূচি চোখে পড়ছে না। কয়েকটি সভাতে তিনি এলেও সরাসরি ময়দানে নেমে কাজ করার পাশাপাশি কর্মীদের মনোবল চাঙা করতে আলাদাভাবে কোনো উদ্যোগ নেননি, যা নিয়ে দলেই কানাঘুষো চলছে। দলের একাংশ কর্মীর দাবি, যে লক্ষ্য নিয়ে শীর্ষ নেতারা তাঁকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন তা পালন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে নজরে আসছে না। কাজেই দায়িত্ব দিয়ে নিশীথের ওপরে দল যে আস্থা রেখেছিল, তা ঠিকভাবে পালন হবে কি না তা নিয়েই কর্মীমহলে থেকে যাচ্ছে ধোঁয়াশা।
এ প্রসঙ্গে জেলার ইনচার্জ তথা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, একেবারেই যুক্তিযুক্ত। এত কম সময়ে সমস্ত জায়গায় পৌঁছনো যায় না। তবে জেলাস্তরে বৈঠক করেছি। আগামী দিনে ব্যক্তিগতভাবে মণ্ডলে মণ্ডলে কর্মীদের কাছে পৌঁছব। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল বলেন, নিশীথবাবু দলের নির্দেশ মোতাবেক নিজের কাজ করছেন। কে কি বলছেন কান দিচ্ছি না। উনি সক্রিয়ভাবে তাঁর দায়িত্ব পালন করছেন। প্রায় একই সুরে দলের মুখপাত্র সঞ্জীব সিকদার বলেন, দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এসেছিলেন। কর্মীদের মনজয় করে চলে গিয়েছেন। নির্বাচনের আগে নিশ্চয়ই ফের আসবেন।
রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহারের প্রাক্তন এমপি নিশীথ প্রামাণিককে। শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভার নির্বাচনের দায়িত্ব সরাসরি তাঁর ওপরে। নিশীথ দায়িত্ব নেওয়ার পরে গেরুয়া শিবিরের কর্মীদের একাংশ ভেবেছিলেন উনি কোমর বেঁধে ঝাঁপাবেন। জায়গায় জায়গায় মিটিং, মিছিল, পাড়া বৈঠক করবেন। এতে কর্মীদের মনোবল বাড়াবে। তবে বাস্তব চিত্রটা বিপরীত। কর্মীদের নিয়ে এখনো পর্যন্ত এক-দু’টি মিটিং করা ছাড়া প্রাক্তন মন্ত্রীকে সরাসরি কাছে পাচ্ছেন না কর্মীরা।
আর এসব নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও দলের কর্মীদের একাংশের দাবি, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে হেরে মন্ত্রীপদ হারাতেই নিজের জেলা কোচবিহারেও সেই অর্থে তাঁকে দেখা যায়নি। দলের দায়িত্বে থাকার সময়েও কর্মীদের সঙ্গে সেই অর্থে যোগাযোগ রাখতেন না তিনি। অভিযোগ, ভোট পরবর্তী সময়ে কোচবিহারে বিভিন্ন কারণে ঘরছাড়া হয়েছিলেন দলের অনেক সাধারণ কর্মী। সেই সময়ও নিশীথ কর্মীদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ।
বিজেপি কর্মীদের একাংশের দাবি, নির্বাচনে হারার পর থেকে কোচবিহারেই সেই অর্থে যে নেতাকে দেখা যায়নি, তিনি দেড়শো কিমি দূরে শিলিগুড়ি সাংগঠনিক জেলার দায়িত্ব কীভাবে সামলাবেন? তবে কর্মীদের একাংশ জোর গলায় দাবি করেছেন, দ্রুত নিজের ম্যাজিক দেখাবেন প্রাক্তন মন্ত্রী। দলের জেলা মিডিয়া ইনচার্জ সৌমিত্র সান্যাল বলেন, সদ্য দায়িত্ব পাওয়া জেলার ইনচার্জ নিশীথ প্রামাণিক বেশ কয়েকটি মিটিং এখানে করেছেন। পরবর্তী কর্মসূচিও শীঘ্রই জানিয়ে দেবেন। তাঁর নেতৃত্বে শিলিগুড়ি সাংগঠনিক জেলার তিনটি বিধানসভা আসনে আমরা ফের জয়ী হব।