• ১৯ লাখ টাকা প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তমলুকে বিনিয়োগের নামে মুনাফার টোপ
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে তমলুক ব্লকের পদুমপুর গ্রামের অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী ১৯ লক্ষ ৩০হাজার টাকা খোয়ালেন। দু’বছর আগে ওই সেনাকর্মী অবসর নেন। তারপর স্টক মার্কেটিংয়ের মাধ্যমে রোজগারের আশায় নিজেই গুগল সার্চ করে খোঁজ চালাচ্ছিলেন। একটি সাইটে গিয়ে ক্লিক করার পরই ফোন চলে আসে। ফরেন ইনভেস্টমেন্টের নামে লোভনীয় অফার দেওয়া শুরু হয়। ২০২৫সালে ৪ সেপ্টেম্বর থেকে এবছর ৯ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৯ লক্ষ ৩০হাজার টাকা খুইয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী তমলুক সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ।

    জানা গিয়েছে, সেনার চাকরি থেকে অবসর নেওয়ার পর অভিযোগকারী রোজগার বাড়ানোর জন্য নানা চেষ্টা করছিলেন। শেষমেশ বন্ধুদের পরামর্শে শেয়ার মার্কেটিংয়ে আগ্রহী হন। এজন্য ওয়েবসাইটে গিয়ে শেয়ার মার্কেট সংক্রান্ত সাইট চেক করছিলেন। তারমধ্যেই একটি সাইটে ঢুকে ক্লিক করার পর তাঁর কাছে ফোন আসে। ফরেন ইনভেস্টমেন্টে বিপুল পরিমাণ মুনাফার টোপ দেওয়া হয়। তাদের কথায় ভরসা রেখে গত বছর ৪সেপ্টেম্বর থেকে টাকা দিতে শুরু করেন। অবসরকালীন সুযোগ সুবিধা বাবদ পাওনা টাকা দেদার পাঠিয়ে দেন। একটা সময় থেকে ব্ল্যাকমেল শুরু হয়। দাবিমতো টাকা না দিলে স্টক মার্কেন ভ্যালু নষ্ট হয়ে যাবে বলে ভয় দেখানো শুরু হয়। এভাবে ভয় দেখিয়ে সাড়ে পাঁচ মাসে মোট ১৯লক্ষ ৩০হাজার টাকা দিয়ে বসেন।
    ওই সেনাকর্মী বলেন, সাইবার প্রতারণার শিকার হয়েছিল বুঝতে পেরেও ওই চক্রের হাত থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। নানাভাবে ভয় দেখানো হচ্ছিল। ১৭ফেব্রুয়ারি আমি অনলাইন সাইবার পোর্টালে অভিযোগ করি। পরদিন অর্থাৎ ১৮তারিখ একাধিকবার সাইবার প্রতারণায় অভিযুক্তরা আমাকে ফোন করে আরও পাঁচ লক্ষ টাকা দাবি করছে। এই ঘটনা বাড়ির লোকজনকেও জানাতে পারিনি। ১৯তারিখ তমলুক সাইবার ক্রাইম থানায় এফআইআর করেছি।

    সাইবার ক্রা‌ইম থানা সূত্রে জানা গিয়েছে, রাজস্থান, হরিয়ানা প্রভৃতি রাজ্য ছাড়াও দেশের বা‌ইরে থেকে অনলাইন স্টক মার্কেটিং নিয়ে সাইবার প্রতারণা করা হচ্ছে। এধরনের প্রতারণায় প্রথমে লোভনীয় অফার দেওয়া হয়। শুরুতে কিছু টাকা রিটার্ন দিয়ে আস্থা অর্জন করা হয়। তারপর টাকা পাঠালেও আর ফেরত পাওয়া যায় না। নানারকম ভয় দেখানো হয়। ব্ল্যাকমেল করা হয়। তাতে অনেকে ভয় পেয়ে দেদার টাকা পাঠিয়ে দেন।
  • Link to this news (বর্তমান)