হিঙ্গলগঞ্জে স্লুইসগেট দিয়ে জল ঢুকে চাষের ব্যাপক ক্ষতি, ক্ষোভ চাষিদের
বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: স্লুইসগেট দিয়ে নদীর নোনা জল জমিতে ঢোকায় সর্ষে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল পঞ্চায়েতের দালালাবাদ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে দালালাবাদে একটি নদী বাঁধের উপর স্লুইসগেট ছিল, বর্ষার সময় ওই গেট খুলে জল ছাড়া হত। কিন্তু ওই স্লুইসগেটটি খারাপ হয়ে যাওয়ায় পরে নতুন গেট তৈরি করা হয়। শনিবার ওই স্লুইসগেটের ফাঁক দিয়ে নোনা জল ঢুকে সর্ষের খেত ভাসিয়ে দিয়েছে। এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। হাতে প্ল্যাকার্ড নিয়েও বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, বাজার থেকে ঋণ করে বহু কষ্ট করে সর্ষে চাষ করা হয়েছিল। সেই টাকা তাঁরা কীভাবে শোধ করবেন, ভেবে পাচ্ছেন না।
কৃষক তুষার মণ্ডল বলেন, কিছুদিন আগে এই নতুন স্লুইসগেট লাগানো হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় এটিও খারাপ হয়ে গিয়েছে। ফলে ফাঁক দিয়ে জল ঢুকছে জমিতে। প্রায় আড়াইশো বিঘা জমির সর্ষে নষ্ট হয়ে গিয়েছে। এই কৃষকদের সরকারি সাহায্য দেওয়া হোক। এই বিষয়ে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, কীভাবে জমিতে নোনা জল ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি বিভাগকে এই ক্ষয়ক্ষতির কথা জানাব। যে সমস্ত কৃষকের ক্ষতি হয়েছে, তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হবে। যাতে তাঁরা সরকারি সাহায্য পান