• পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষ, রণক্ষেত্র মিনাখাঁ
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মিনাখাঁ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জনের মতো কর্মী-সমর্থক গুরুতর জখম হয়েছেন। তাঁদের তড়িঘড়ি মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। এনিয়ে দু’পক্ষই মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার জেরে থমথমে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

    জানা গিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে মিনাখাঁর বাবুরহাটে পতাকা টাঙাচ্ছিলেন আইএসএফের কর্মীরা। তখন তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এরপর বচসা থেকে শুরু হয় তুমুল অশান্তি। অতর্কিতে তৃণমূলের লোকজন আইএসএফের কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পালটা প্রতিরোধ করে আইএসএফও। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তাঁরাও হামলা চালায় বলে অভিযোগ। এই সংঘর্ষে মোট ১০ জন কর্মী আহত হয়েছেন। আহতরা এখন মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভরতি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের বসিরহাট জেলার র সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, আইএসএফ বিজেপির বি-টিম। টিকিট নিয়ে নিজেদের মধ্যে মারপিট করেছে। আর অযথা আমাদের নামে বদনাম দিচ্ছে। তৃণমূলের পরিস্থিতি এতটা খারাপ নয় যে, আইএসএফের মতো একটি সাম্প্রদায়িক দলের পতাকা খুলতে যাবে বা তাঁদের বাধা দিতে যাবে। মানুষই ওদের রুখে দেবেন। উলটে তাঁরাই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের বেশ কয়েকজন জখম হয়েছেন।

    অন্যদিকে, আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন, আসলে তৃণমূল বাংলায় পায়ের তলার মাটি হারিয়েছে। তাই অযথা আমাদের উপর হামলা করছে। এদিন সকালে কর্মীরা পতাকা টাঙাচ্ছিলেন। সেই সময় ওদের কর্মীরা বাঁশ, লাঠি, রড নিয়ে আমাদের উপর চড়াও হয়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এ নিয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।
  • Link to this news (বর্তমান)