• মমতার হাতেই ‘ইন্ডিয়া’ জোটের ব্যাটন দেখতে চান মণিশঙ্কর আইয়ার
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব যাওয়া উচিত বলে মনে করছেন প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। এমনকী, জোটের নেতৃত্ব থেকে রাহুল গান্ধীর সরে যাওয়া উচিত বলেও বিক্ষুব্ধ নেতার মত। রাগা–র বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বা (তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী) এমকে স্ট্যালিন ‘ইন্ডিয়া’–র নেতৃত্বে থাকলে তাঁরা জোটকে আরও সময় দিতে পারবেন বলে মনে করছেন মণিশঙ্কর।

    রবিবার কলকাতায় একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে মমতার সঙ্গে তাঁর দীর্ঘ পরিচয়ের কথা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘ইন্ডিয়া’–র বর্তমান গতিপ্রকৃতি প্রসঙ্গে মণিশঙ্কর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ইন্ডিয়া জোটের সব শেষ হয়ে যাবে। কারণ মমতাই জোটের লিডার। আরও দু’চার জন আছেন, যাঁরা এই পদের (ইন্ডিয়া জোটের নেতা) যোগ্য। এই পদে রাহুল গান্ধী না থেকে বরং ছোট পার্টির কাউকে দায়িত্ব দেওয়া হোক। যেমন, মমতা বন্দ্যোপাধ্যায় বা এমকে স্ট্যালিন বা অখিলেশ যাদব। এঁরা অনেক সময় পাবেন জোট চালানোর জন্য।’

    জাতীয় স্তরে হোক বা পশ্চিমবঙ্গে, কংগ্রেসের অন্দরে অধিকাংশ নেতা তৃণমূলনেত্রীর পাশে আছেন বলে মণিশঙ্করের পর্যবেক্ষণ। ওই নেতারা মমতাকে ‘পছন্দ করেন’ বলেও জানান তিনি। বিশেষত পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে মণিশঙ্কর বলেন, ‘আমি যতদূর জানি, গোটা কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। অধীর চৌধুরীর মতো এক–দু’জন ব্যতিক্রম হতে পারেন। এঁদের বাদ দিলে বাকি সবাই মমতার পাশে আছেন।’

    ‘ইন্ডিয়া’–র নেতৃত্ব নিয়ে মণিশঙ্করের পর্যবেক্ষণ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘বিজেপি–বিরোধী দলগুলির লিডারদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই যে মানুষের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য নেত্রী, এ নিয়ে দ্বিমত নেই। কংগ্রেস–সহ অনেক দল‍ যেখানে বিজেপি–র কাছে পরাজিত, সেখানে একমাত্র তৃণমূলের কাছে বিজেপি বারবার পরাজিত হয়েছে। স্বাভাবিক ভাবেই কংগ্রেসের অনেক নেতা মনে করেন, তৃণমূলনেত্রীকেই জোটের নেতৃত্ব দেওয়া উচিত।’

    রাহুলের বদলে মমতার হয়ে মণিশঙ্কর সওয়াল করায় কার্যত অস্বস্তিতে পড়েছে বিধানভবন। যদিও এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কংগ্রেস হাইকম্যান্ডের সমা‍লোচনা করেছেন মণিশঙ্কর। যে কারণে কংগ্রেসের জাতীয় মুখপাত্ররা তাঁর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া থেকে বিরত থাকছেন।

    বঙ্গ–বিজেপি আবার মনে করছে, মণিশঙ্করের ভাবনা বর্তমান পরিস্থিতিতে ‘অচল’। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘নয়ের দশকে মণিশঙ্করের বিখ্যাত মন্তব্য ছিল — আমি ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, মাংস খাই, খ্রিস্টানকে বিয়ে করেছি, আমি ধর্মনিরপেক্ষ। কিন্তু ওঁর এই সব ভাবনা এখন বাতিল হয়ে গিয়েছে। উনি যতই (ইন্ডিয়া জোটের) স্বপ্ন দেখুন, কিছুই হবে না।’

  • Link to this news (এই সময়)