ছাত্র সংঘর্ষে উত্তপ্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) চত্বর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) অভিযোগ, সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তাদের উপর হামলা চালিয়েছে। গুরুতর জখম বেশ কয়েকজন ছাত্র। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাস জুড়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছে।
ABVP সূত্রে খবর, বায়োটেকনোলজি বিভাগের ছাত্র প্রতীক ভরদ্বাজকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস চত্বরে ঘিরে ফেলা হয়। অভিযোগ, একদল বামপন্থী সমর্থক প্রথমে তাঁর চোখে অগ্নিনির্বাপক যন্ত্রের (ফায়ার এক্সটিংগুইশার) গুঁড়ো ছিটিয়ে দেয়। এর পর তাঁকে নির্মম ভাবে মারধর করা হয়। একটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাঁর উপর হামলা চালানোর চেষ্টা হয়েছে বলেও দাবি করা হয়েছে ABVP-র তরফে। বর্তমানে প্রতীক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে বেশ উদ্বেগজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
JNUSU-র যুগ্ম সম্পাদক তথা ABVP নেতা বৈভব মীনার অভিযোগ, গত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে বামপন্থী পড়ুয়ারা ধর্মঘট চালাচ্ছিলেন। রবিবার রাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, কয়েকশো দুষ্কৃতী এ দিন লাইব্রেরি এবং রিডিং রুমে ঢুকে পড়ে। সেখানে পড়ুয়াদের মারধর করা হয় বলে অভিযোগ। বৈভব আরও দাবি করেছেন, এ দিন এক পড়ুয়াকে প্রায় ১০০-১৫০ জনের একটি দল গণধোলাই দিয়েছে।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ABVP নেতারা। ABVP-র দাবি, দিল্লির পুলিশের সামনে এ দিন তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি দিল্লির পুলিশ। একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ুয়াদের উপর পরিকল্পিত হিংসা নিয়ে প্রশ্ন তুলেছে ABVP। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি তুলেছে ABVP।-যদিও, এখনও পর্যন্ত এ নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর তরফে কিছু জানানো হয়নি।