• ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ১৫ জেলায়
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা বসন্তে ঝড়বৃষ্টির ভ্রুকুটি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহের শুরুতেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতাও জারি করা হয়েছে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালে পরিষ্কার আকাশ থাকলেও, সন্ধ্যার পর আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। এদিন চড়া রোদে অস্বস্তি অনুভূত হতে পারে দিনের বেলায়। 

    হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ, আরও শক্তিশালী রূপ নেবে।বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি ক্রমে শক্তি হারাচ্ছে। 

    নিম্নচাপের জেরেই আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রপাতের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 

    আগামিকাল মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামিকাল এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    অন্যদিকে আজ ও আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিনে বাংলার কোথাও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। দু'দিন হালকা বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা খানিকটা কমতে পারে। মঙ্গলবারের পর আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফের শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলায়।
  • Link to this news (আজকাল)