মিল্টন সেন: হুগলির চুঁচুড়ায় সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রিয়নগর স্টেডিয়াম মাঠ সংলগ্ন খাদিনা মোড় এলাকায় একটি টাটা সুমো ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় খাদিনা মোড় থেকে তালডাঙ্গার দিকে যাচ্ছিল টাটা সুমোটি। সেই সময় উল্টো দিক থেকে একটি স্কুটি খাদিনা মোড়ের দিকে আসছিল।
অভিযোগ, আচমকাই এক স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি টাটা সুমোর সামনে চলে আসেন এবং সজোরে ধাক্কা মারেন। বিকট শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন, স্কুটি চালক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় গুরুতর জখম যুবককে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহত যুবক স্থানীয় এলাকার বাসিন্দা। তবে এখনও পর্যন্ত তাঁর পূর্ণ পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।