প্রতীক উরের 'প্রতীক' বদলে TMC-র কী ফায়দা? লাভবান হতে পারে BJP
আজ তক | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে জোর আলোচনায় রয়েছেন প্রতীক উর রহমান। CPIM ছেড়ে TMC-তে যোগ দিয়েছেন এই বিক্ষুব্ধ বামনেতা। যা নিয়ে রাজনীতির অন্দরে চলছে শোরগোল। অনেকেই মনে করছেন এরফলে লাভবান হতে চলেছে তৃণমূল। আবার কেউ বলছেন, নির্বাচনের ঠিক আগে বাম শিবিরে এই দ্বন্দ্ব দেখা দেওয়ার ফলে আখেরে লাভ পাবে BJP। কিন্তু প্রতীক উর-এর মতো নেতা কি সত্যিই ভোটবাক্সে প্রভাব ফেলতে পারেন? এই উত্তর জানতে bangla.aajtak.in-এর তরফে যোগাযোগ করা হয় রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের (Subhamoy Maitra) সঙ্গে।
প্রতীক উর রহমান যখন ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়েছিলেন, তখন তাঁর পাওয়া ভোটের পরিমাণ শতাংশের বিচারে ছিল খুবই কম (প্রায় ৫ শতাংশ)। উল্টোদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল বিপুল পরিমাণ ভোটে। ২০২১ বিধানসভা ভোটের ক্ষেত্রেও কম-বেশি চিত্রটা একই। ফলে প্রতীক উর রহমানের তৃণমূলের যাওয়া ঘাসফুল শিবিরের জন্য বড় কোনও গেম চেঞ্জার বা অ্য়াডভান্টেজ হতে চলেছে, তা মানতে নারাজ শুভময় মৈত্র।
অন্যদিকে, একই কথা প্রযোজ্য BJP-র জন্যও। শুভময় মৈত্র জানাচ্ছেন, "সংখ্য়ালঘু ভোট নিয়ে আলোচনা হলে বামের ভোট রামে যাওয়ার প্রসঙ্গও ওঠে না। কারণ বামেদের সংখ্য়ালঘু ভোট যে বিজেপি-তে যাবে এমন ধারণা করা খুবই শক্ত। যদিও শমীক ভট্টাচার্য বারংবার সংখ্য়ালঘুদের উদ্দেশে বার্তা দিলেও, BJP খুব সংখ্য়ালঘু ভোট কাটতে পারবে, তা মনে হয় না।"
বামেদের হিন্দু ভোট কি BJP-তে যেতে পারে?
প্রতীক উর রহমান তৃণমূলে যাওয়ার কারণে বামেদের TMC বিরোধী হিন্দু ভোট কি BJP-র দিকে ঘুরে যেতে পারে? এই প্রশ্নের উত্তরে শুভময় মৈত্র জানাচ্ছেন, "যেহেতু ডায়মন্ড হারবারে বামেদের পাওয়া মোট ভোটের পরিমাণ খুব কম, সেই কারণে বামেদের তৃণমূল বিরোধী হিন্দু ভোট বিজেপির দিকে গেলেও তা উল্লেখযোগ্য কোনও সংখ্য়া নয়। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করা জায়গা নেই।"
তবে এক্ষেত্রে যদি কোনও কেন্দ্রে বামেদের ভোট ২০ শতাংশ বা ২৫ শতাংশ থাকে, সেক্ষেত্রে যদি সেই বাম নেতা দলবদল করে TMC-তে যায় তবে তাতে BJP বা TMC লাভবান হতে পারে। সেক্ষেত্রে বামেদের কিছু হিন্দু ভোট BJP পেতে পারে বলে ধরে নেওয়া যায়। কিন্তু ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণে মার্জিনে জিতেছে তাতে, প্রতীক উরের দলবদল যে কোনও বড় প্রভাব ফেলতে পারে তা মানতে নারাজ শুভময় মৈত্র।
তৃণমূলের কী লাভ?
শুভময় মৈত্রের দাবি, প্রতীক উর তৃণমূলে যাওয়ায় ভোট সংখ্যার বিচারে কোনও দলেরই খুব বেশি লাভ-লস হল না। তবে নৈতিকতা, মূল্য়বোধ, সততার মতো মানদন্ডের বিচারে বামেরা আজও প্রাসঙ্গিক। আর সেই কারণেই দুর্নীতিহীন মুখ হিসেবে প্রতীক উর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগদান ঘাসফুল শিবিরের জন্য লাভজনক।
কী বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা?
প্রতীক উর প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "প্রতীক উর তো তৃণমূলেই ছিল। লোকসভা নির্বাচনের সময়ই নানা কিছুর বিনিময়ে ও লড়াই ছেড়েই দিয়েছিল। এটা আনুষ্ঠিক ঘোষণা মাত্র। তাছাড়া সিপিএম-এর এমনিতেই কিছু নেই। ওদের কোনও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা নেই। তাই নির্বাচনে কোনও প্রভাবই পড়বে না। মুসলমান বলে তৃণমূল ওঁকে বরণ করে নিয়েছে।"