পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (Purbachal Expressway ভয়াবহ দুর্ঘটনা। যাত্রিবাহী ডবল ডেকার বাস উল্টে মৃত্যু হলো কমপক্ষে সাত জনের। আহত হয়েছেন ১৬ জন। সোমবার বিকেলে উত্তরপ্রদেশের লখনৌয়ের গোঁসাইগঞ্জের কাছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি (Accident) ঘটে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁঁছেছে পুলিশ (Police)। শুরু হয়েছে উদ্ধারকাজ।
দুর্ঘটনাটিকে কেন্দ্র করে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ট্র্যাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ওই বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় (Lost Control) ও দুর্ঘটনাটি ঘটে, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। তদন্ত শুরু হয়েছে।
পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারের দ্বারভাঙাতে যাচ্ছিল বাসটি। তখনই মাঝপথে উত্তরপ্রদেশের গোঁসাইগঞ্জের কাছে উল্টে যায় সেটি। দুর্ঘটনার ফলে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে, মৃতের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার সন্ধ্যা পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।