• বিশ্বকাপ চলাকালীন কলকাতায় বেটিং চক্রের পর্দা ফাঁস
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই শহর কলকাতায় সক্রিয় একটি অনলাইন ক্রিকেট বেটিং চক্রের হদিস পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে শহরের কেন্দ্রস্থলে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ নম্বর ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসে অবস্থিত একটি বহুতলের দ্বিতীয় তলার অফিসে হানা দিয়ে প্রীতিক পিঞ্চা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    ধৃত ব্যক্তি হাওড়ার শিবপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, প্রীতিক পিঞ্চা তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে একটি বেটিং চক্র গড়ে তুলেছিলেন। বিভিন্ন ধরনের ম্যাচে বেটিং খেলাই ছিল তাঁদের কাজ।

    জানা গিয়েছে, ‘Skyexchange’ ও ‘Skyfair’ নামের অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে ক্রিকেট বেটিং চক্র পরিচালনা করছিলেন। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা অ্যাপের মাধ্যমে বেটের অঙ্ক নির্ধারণ করে দেশজুড়ে সাধারণ মানুষকে অর্থ লগ্নির প্রলোভন দিতেন।

    বিশেষ করে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে তারা সক্রিয়ভাবে বেটিং কার্যকলাপ চালায় বলে অভিযোগ।

    মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত এই চক্রের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, রবিবার রাত প্রায় ১০.৩০ নাগাদ অভিযানটি চালানো হয় হেয়ার স্ট্রিট থানা এলাকায়। সেখান থেকেই ধৃতকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যা দিয়ে বেটিং চক্র পরিচালিত হত বলে অভিযোগ। ওই মোবাইল থেকে ক্রিকেট বেটিং সংক্রান্ত একাধিক স্ক্রিনশট উদ্ধার হয়েছে।

    পাশাপাশি ধৃতের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা এবং একটি হোটেল সেন্টারের চাবিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়েছে।

    ভারতীয় ন্যায় সংহিতা আইনে একাধিক ধারার পাশাপাশি পশ্চিমবঙ্গ বেটিং আইনের ৩ এবং ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।

    এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)