• ভোটের আগে বাঙালি আবেগে জোর বঙ্গ বিজেপির, হিন্দিতে দেওয়া যাবে না ভাষণ
    দৈনিক স্টেটসম্যান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • দলীয় সূত্রে খবর, এবারের নির্বাচনে কেন্দ্রীয় নেতারা প্রকাশ্য মঞ্চে কম দেখা দেবেন। জনসভায় সামনের সারিতে না এসে, সংগঠনের ভেতরের কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন তাঁরা। সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করা থেকেও বিরত থাকার কৌশল নেওয়া হয়েছে। মূল লক্ষ্য—আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকে সংগঠনকে শক্তিশালী করা।

    এই সিদ্ধান্ত হঠাৎ নয়। অতীতে বাংলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা নিয়মিত জনসভায় বক্তব্য রেখেছেন এবং সংবাদমাধ্যমে সরব থেকেছেন। কিন্তু দলের একাংশের মতে, তাতে প্রত্যাশিত ফল আসেনি। বরং ‘বহিরাগত’ ইস্যু সামনে এনে বিরোধীরা রাজনৈতিকভাবে সুবিধা নিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আড়াল থেকে রণকৌশল তৈরির পথে হাঁটছে দল।

    গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার বড় বড় রাজনৈতিক বক্তব্য বা আক্রমণাত্মক প্রচারের বদলে বুথস্তরের প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং নির্বাচনী পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। অনেকেই এই পদ্ধতিকে বলছেন ‘নীরব কিন্তু পরিকল্পিত লড়াই’। কেন্দ্রীয় নেতারা সরাসরি প্রচারে না থাকলেও, কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের কাজ চালাচ্ছেন ঘরোয়া বৈঠক ও সাংগঠনিক পর্যায়ে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়কে সামনে রেখেই এই পরিবর্তন। এখন দেখার, পর্দার আড়ালের এই কৌশল নির্বাচনে কতটা কার্যকর প্রমাণিত হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)