ফের শহরে চলল গুলি ( Kolkata News)। সোমবার গভীর রাতে বেনিয়াপুকুর থানার তিলজলা রোডে এই ঘটনা ঘটে। মহম্মদ নিয়াজ ওরফে রাজা নামে বছর ২৩-এর এক যুবক আহত হন। অভিযোগ, সোমবার সন্ধেয় স্থানীয় এক যুবকের সঙ্গে বচসা হয় নিয়াজের। এর পরেই গভীর রাতে এই গুলির ঘটনা (City Crime)। নিয়াজের পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এক যুবকের সঙ্গে নিয়াজের সোমবার সন্ধেয় বচসা হয়। এলাকার লোকজনের হস্তক্ষেপে সেই সময়ের মতো তা মিটমাট হয়ে যায়। কিন্তু রাতে একদল লোক নিয়াজের বাড়ির সামনে এসে চড়াও হন। সেখানেই নিয়াজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দু’রাউন্ড গুলি চলে বলে অভিযোগ।
চলতি মাসের শুরুতেই দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে পঞ্চাননতলার কাকুলিয়া রোডে গুলি চলার ঘটনা ঘটেছিল। পিকনিককে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি হয়। তার পরেই চলে গুলি। সেই ঘটনায় অভিযোগ ওঠে, পিকনিক আসলে একটা বাহানা। এলাকা দখলকে কেন্দ্র করে ঝামেলার ফলেই গুলি চলে। গুলির পাশাপাশি চলে বোমাবাজিও। দু’জন আহত হন। এ বার বেনিয়াপুকুরে চলল গুলি।