মামার বাড়ি বেড়াতে এসে গঙ্গায় তলিয়ে মৃত্য়ু কিশোরের
আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মিল্টন সেন: মামার বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় ডুবে মৃত্যু হল এক কিশোরের। দু’দিন নিখোঁজ থাকার পর নদী থেকে তার দেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায়।
মৃত কিশোরের নাম ত্রিদীপ রায় (১৪)। তাঁর বাড়ি শিলিগুড়িতে হলেও মামার বাড়ি বাঁশবেড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী বাসুদেবপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সপরিবারে বেড়াতে বাঁশবেড়িয়ায় আসে তারা।
শনিবার সকালে জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ত্রিদীপ। এরপর দুপুর, বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।
খোঁজাখুঁজির পরও না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করা হয় এবং মগরা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পাশাপাশি গঙ্গায় তল্লাশি শুরু করে পুলিশ ও উদ্ধারকারী দল।
সোমবার সকালে বাঁশবেড়িয়ার জলেশ্বরী গঙ্গার ঘাট থেকে কিশোরটির দেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্স কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় বাঁশবেড়িয়া মিল ফাঁড়ি ও মগরা থানার পুলিশ। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়রা।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে। কিশোরের বাবা দেবরাজ রায় জানান, তাঁর স্ত্রী ও ছেলে শ্বশুরবাড়িতে এসেছিলেন।
শনিবার সকালে জামা-প্যান্ট পরে মাসির বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়েছিল ত্রিদীপ, কিন্তু সেখানে যায়নি। তিনি দাবি করেন, পরিচিত কারও সঙ্গেই ছেলে বেরিয়েছিল এবং সেই ব্যক্তিই ঘটনার জন্য দায়ী হতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ।