• মা উড়ালপুলে দুর্ঘটনা, উল্টে গেল আর্মি ট্রাক
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সাতসকালে শহর কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। এদিন সকালে মা উড়ালপুলে সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনায় দুই জওয়ান আহত হয়েছেন।

    মঙ্গলবার ভোরে বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    পুলিশ জানায়, ট্রাকটি সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডার পেরিয়ে বিপরীত লেনে আছড়ে পড়ে।

    ট্রাকে থাকা তিন জওয়ানের মধ্যে দু’জন আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভেজা ও পিচ্ছিল রাস্তার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির গতি ছিল অত্যন্ত বেশি।

    যার ফলে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ তো হারায়ই, তার ওপর নিয়ন্ত্রণ হারানোর পর ধাক্কার জেরে সেটি দুমড়ে-মুচড়ে যায়। সাধারণত এই উড়ালপুলে বাইক দুর্ঘটনার খবর বেশি শোনা গেলেও, সেনাবাহিনীর মতো ভারী গাড়ির দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

    দুর্ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে মা উড়ালপুল বন্ধ রাখা হয় ট্রাকটি সরানোর জন্য। প্রায় সব গাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে আসার কারণে বাইপাসে প্রবল যানজট সৃষ্টি হয়।

    ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় ট্রাফিক পুলিশ। তবে কিছু সময়ের জন্য উড়ালপুলের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
  • Link to this news (আজকাল)