রেভ পার্টির 'সেক্স ড্রাগ' মালদায়, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নীল নেশার চালান, ধৃত ২
আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
রাজ্যে এই প্রথম ধরা পড়ল 'লভ ড্রাগ' বা 'সেক্স ড্রাগ'। মালদা জেলায় বিরল মাদক এমডিএমএ (MDMA) উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫৩ গ্রাম এমডিএমএ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক মহলে ‘মলি’ বা ‘এক্সট্যাসি’ নামে পরিচিত এই মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটিরও বেশি টাকা। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে বামনগ্রামের মহম্মদ সামাউল শেখ (২৯) এবং রাজনগর মডেল এলাকার মোবারক হোসেনকে (৩৫) হাতেনাতে ধরা হয়। উদ্ধার হওয়া মাদক সাধারণত রেভ পার্টি, ডান্স বার বা উচ্চবিত্ত মহলের নেশার আসরে ব্যবহৃত হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ব্রাউন সুগারের তুলনায় এমডিএমএ-র দাম প্রায় ছ'গুণ বেশি।
মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, 'জেলায় এই ধরনের মাদক উদ্ধারের ঘটনা এটি দ্বিতীয়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের উৎস ও পাচার চক্রের বিস্তার খতিয়ে দেখা হচ্ছে।' প্রাথমিক তদন্তে অনুমান, বাংলাদেশ সীমান্ত হয়ে এই মাদক মালদায় ঢুকেছে এবং ঝাড়খণ্ড বা নেপাল হয়ে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল।
পুলিশের দাবি, আন্তর্জাতিক বাজারে এই মাদকের চাহিদা বেশি। বিশেষ করে মেক্সিকো এবং কলোম্বিয়ার মতো দেশে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
এদিকে একই রাতে শিলিগুড়ির উপকণ্ঠে মুরলীগঞ্জে পৃথক অভিযানে ৩.৩ কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে দার্জিলিং জেলা পুলিশ। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। বিহার নম্বরের একটি গাড়ি থেকে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে মাদকটি উদ্ধার হয়। গাড়িটি চালাচ্ছিলেন বিহারের কাটিহার জেলার বাসিন্দা ও বিএসএফের প্রাক্তন কর্মী অলোক কুমার রবিকর। তাকে গ্রেফতার করা হয়েছে।
উত্তরবঙ্গে পরপর মাদক উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।