কত বেকার? কলকাতায় ৭ দিনেই যুবসাথীর ফর্ম তুললেন দেড় লাখের বেশি মানুষ
আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কলকাতায় ‘যুব সাথী’ শিবির ঘিরে উল্লেখযোগ্য সাড়া মিলছে। শনিবার নতুন প্রকল্পটির প্রথম সপ্তাহ শেষ হয়েছে। ১.৫ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছে ক্যাম্পগুলি থেকে। একইসঙ্গে ফিলআপ করা ফর্ম জমা পড়েছে ৯০ হাজারেরও বেশি। যারমধ্যে ১৬ হাজারেরও বেশি আবেদন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এই বিপুল সংখ্যক ফর্ম বিতরণ ও জমা পড়েছে। শহর জুড়ে মোট ৩৮টি শিবির আয়োজন করা হয়েছে। প্রথমে ৩৫টি শিবির থাকলেও, পরে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের বাইরে, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং টি বোর্ড অফ ইন্ডিয়ার সামনে আরও তিনটি ক্যাম্প চালু করা হয়।
রবিবার শিবির বন্ধ থাকলেও, টালিগঞ্জে এক তৃণমূল কাউন্সিলর আবেদনকারীদের ফর্ম পূরণে সাহায্য করার জন্য একটি সহায়ক কেন্দ্র চালু রাখেন। সোমবার তৃণমূল কর্মীরা রাজ্য সরকারের নির্ধারিত শিবিরে জমা দেওয়ার আশ্বাস দেওয়ার পর বেশ কিছু আবেদনকারী সেখানে ফর্ম জমা দেন।
এক পুর আধিকারিক বলেন, '১৫ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে ১.৫ লক্ষের বেশি ফর্ম বিতরণ হয়েছে। সাত দিনে ৯০ হাজার পূরণ করা ফর্ম আমরা পেয়েছি। এর মধ্যে ১৬ হাজারেরও বেশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন।'
উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না পাওয়া বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে ‘যুব সাথী’ প্রকল্প আগামী ১ এপ্রিল থেকে চালু হবে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা সর্বোচ্চ পাঁচ বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা পাবেন।