• নবদ্বীপে দোলে বিশৃঙ্খলা রুখতে কড়া পুলিশ, প্রাণীদের রং নয়, টোটো ভাড়া বেশি নিলে ব্যবস্থা
    বর্তমান | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সমীর সাহা, নবদ্বীপ: দোলে বিশৃঙ্খলা রুখতে এবার পুলিশ-প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চলেছে। দোল উৎসব উপলক্ষে ভক্ত-পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নবদ্বীপ থানা এলাকায় পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। শহরের বিভিন্ন জায়গায় সিসিক্যামেরা রয়েছেই। আরও বেশকিছু জায়গায় সিসিক্যামেরা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জলপথে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ঘাটেই জলসাথী কর্মীরা থাকবেন। ভিড়ের সুযোগ নিয়ে অনেক সময় সোনার গয়না, টাকা-পয়সা চুরি ও ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। সেবিষয়ে মানুষকে সচেতন করতে মাইকিংয়ে প্রচার চালানো হচ্ছে। সেইসঙ্গে নজরদারির জন্য ভিড়ের মধ্যে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ। দোলের দিন কোনো অনিচ্ছুক ব্যক্তিকে রং দেওয়া যাবে না। পাশাপাশি, অবলা প্রাণীদের গায়েও রং দেওয়া থেকে বাঁচাতে এবার পুলিশ প্রশাসন উদ্যোগী হয়েছে।

    আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা উৎসব। এই তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপ ও মায়াপুরের বিভিন্ন মঠ-মন্দিরে ভক্ত, পুণ্যার্থী ও পর্যটকরা ভিড় করেছেন। আসন্ন দোল উৎসব শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করতে ইতিমধ্যে পুলিশ-প্রশাসন ও পুরসভার তরফে মঠ-মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে সভা করা হয়েছে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক জায়গায় দেখা যায়, বাইরে থেকে আসা ভক্ত-পর্যটকদের ইচ্ছার বিরুদ্ধে রং দেওয়া হয়। এমনকি, দোলের দিন বিভিন্ন বয়সের কিছু মানুষ নেশাগ্রস্ত অবস্থায় রং নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে। বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে তারা রং খেলায় মেতে ওঠে। সেইসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর প্রশাসন কড়া পদক্ষেপ নিতে চলেছে। নবদ্বীপের পশুপ্রেমী চিরন্তন সরকার বলেন, অবলা পশুদের গায়ে রং দেওয়ার বিরুদ্ধে এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার চালান। তবে, এবিষয়ে প্রশাসনের উদ্যোগ নেওয়ার বিষয়টি সত্যিই প্রশংসনীয়। কৃষ্ণনগর পুলিশ জেলার নবদ্বীপ থানার আইসি সমিত মণ্ডল বলেন, দোল উৎসবে আগত বহিরাগত এবং স্থানীয়দের কোনোরকম সমস্যা হলে সংশ্লিষ্ট নবদ্বীপ থানা বা মায়াপুর আউটপোস্টে জানাতে পারবেন। নবদ্বীপ, মায়াপুর, স্বরূপগঞ্জ, নিদয়া, তারিণীপুর সহ ১৪টি ঘাটে নজরদারি বাড়ানো হয়েছে। নগর পরিক্রমার সময় যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, সেবিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য নবদ্বীপ ও মায়াপুরের প্রতিটি মঠ-মন্দির কর্তৃপক্ষকে আবেদন করা হয়েছে। টোটো চালকদের বলা হয়েছে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। যাত্রীদের সঙ্গে কোনোরকম দুর্ব্যবহার করা যাবে না।
  • Link to this news (বর্তমান)